কানাইঘাট (সিলেট) প্রতিনিধি | ৪ ফেব্রুয়ারি ২০২৬
সিলেটের কানাইঘাটে জমি জমা নিয়ে পারিবারিক বিরোধের জেরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে ইসমাইল হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার বিকেলে উপজেলার বড় চতুল ইউনিয়নের মুক্তাপুর গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ইসমাইল ওই গ্রামের আবুল হারিছের পুত্র।
ঘটনার বিবরণ: স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,কানাইঘাট বুধবার বিকেলে ইসমাইল হোসেন তাঁর বসতঘরের পেছনে মাটি ভরাটের কাজ করছিলেন। এ সময় সীমানা ও মাটি কাটা নিয়ে তাঁর চাচাতো ভাই জয়নাল আহমদের পুত্র লোকমানের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বাকবিতণ্ডা চরম আকার ধারণ করলে লোকমান ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে ইসমাইলের ওপর চড়াও হয়। ঘাতক লোকমান ধারালো ছুরি দিয়ে ইসমাইলের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করলে তিনি রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় ছেলেকে বাঁচাতে গিয়ে ইসমাইলের মা-ও গুরুতর আহত হন।
হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু: চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে আহত মা ও ছেলেকে উদ্ধার করে দ্রুত কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ইসমাইলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে ওসমানী হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে অতিরিক্ত রক্তক্ষরণে ইসমাইলের মৃত্যু হয়।
পুলিশের বক্তব্য: কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, হত্যাকাণ্ডের খবর পাওয়ার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। অভিযুক্ত লোকমান ও তার সহযোগীদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। এই ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
For more information
আরো দেখুন