প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাত ১২টা ৮ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানছবি : বাসস
অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ২০ বছর পর প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এই শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে শহীদ মিনার প্রাঙ্গণে তৈরি হয় এক বিশেষ আবেগঘন পরিবেশ।
শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা
শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে প্রথমে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপরই প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় মাইকে বাজছিল ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটি। পুষ্পস্তবক অর্পণের পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান তাঁদের স্বাগত জানান।
পরিবার ও মন্ত্রিসভা নিয়ে শ্রদ্ধা
প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে এবং পরে বিএনপি চেয়ারম্যান হিসেবে দলের স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে শ্রদ্ধা জানান। এরপর তিনি তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে সাথে নিয়ে ভাষা শহীদদের প্রতি ব্যক্তিগত শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের খতিব নাজির মাহমুদের পরিচালনায় ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সিলেটে বিনম্র শ্রদ্ধায় অমর একুশে পালন: প্রথম প্রহরে শহীদ মিনারে মানুষের ঢল, ছবি- তাহির তন্ময়
বিরোধী দল ও অন্যান্যদের শ্রদ্ধা
প্রধানমন্ত্রীর পর তিন বাহিনীর প্রধানরা শ্রদ্ধা নিবেদন করেন। এরপর বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ১১-দলীয় নির্বাচনী ঐক্যের নবনির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় এনসিপি নেতা নাহিদ ইসলাম, আখতার হোসেন ও হাসনাত আবদুল্লাহসহ জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। পরবর্তীতে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, কূটনীতিক এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন অব্যাহত থাকে।
নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়
শহীদ মিনার এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ডিএমপি জানিয়েছে, পুরো এলাকা ৬৪টি সিসিটিভি ক্যামেরার নজরদারিতে রয়েছে। সোয়াট, ডগ স্কোয়াড ও বম্ব ডিসপোজাল টিমের পাশাপাশি গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। পলাশী মোড় হয়ে জগন্নাথ হল ক্রসিং দিয়ে প্রবেশের জন্য নির্দিষ্ট রুট ম্যাপ অনুসরণ করতে নগরবাসীকে নির্দেশনা দেওয়া হয়েছে।
For more information
আরো দেখুন