সিলেট ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি

যাত্রীর লাগেজ থেকে ৬৮০০ ইউরো চুরি, গ্রেপ্তার ৫

News Room
প্রকাশিত সেপ্টেম্বর ১০, ২০২৪, ১২:০৭ অপরাহ্ণ
যাত্রীর লাগেজ থেকে ৬৮০০ ইউরো চুরি, গ্রেপ্তার ৫

আওয়াজ ডেস্ক: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এক যাত্রীর লাগেজ থেকে ৬ হাজার ৮০০ ইউরো চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিমানের ছয়জনকে চিহ্নিত করা হয়েছে। তাদের মধ্যে ৫ জনকে পুলিশে দিয়েছে বিমান কর্তৃপক্ষ। তারা পাঁচজনই এ ঘটনায় জড়িত বলে স্বীকার করেছেন।

সোমবার (৯ সেপ্টেম্বর) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম।

বোসরা ইসলাম জানান, গত ২ সেপ্টেম্বর বিমানের একজন যাত্রী বিজি-৩৬৩ ফ্লাইটযোগে ঢাকা থেকে চেন্নাই ভ্রমণ করেন। চেন্নাই পৌঁছে তিনি তার ব্যাগেজে রক্ষিত বৈদেশিক মুদ্রা না পেয়ে লিখিত অভিযোগ করেন। বিমানের নিরাপত্তা বিভাগ থেকে বিষয়টির প্রাথমিক তদন্ত করা হয় এবং ঢাকা স্টেশনে সেদিন কর্মরত ৬ জন ট্রাফিক হেলপারকে চিহ্নিত করা হয়। তাদের মধ্যে ৫ জনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন।

এই পরিপ্রেক্ষিতে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর নির্দেশনা অনুযায়ী তাদের বিরুদ্ধে বিমান নিরাপত্তা বিভাগ কর্তৃক ঢাকা বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়। এই ৬ জনের মধ্যে ৫ জনকে থানায় সোপর্দ করা হয় এবং একজন পলাতক। আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে চুরি যাওয়া অর্থ দ্রুত উদ্ধার করার পর যাত্রীকে ফেরত প্রদান করা হবে বলেও জানান বিমানের এই কর্মকর্তা।

বোসরা ইসলাম বলেন, “বিমান এ ধরনের ঘটনায় জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। এ ঘটনার নেপথ্যে কারা খুঁজে বের করতে অভিযান অব্যাহত এবং দোষী ব্যক্তিদের আইনের আওতায় নেওয়া হবে।”

 

For more information

আরো দেখুন|