স্টাফ রিপোর্টার: দীর্ঘ ১৭ বছর পর আগামীমকাল থেকে শুরু হচ্ছে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট। শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুর আড়াইটায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে খেলাটি। মাঠে গিয়ে বিনাটিকেটে খেলা উপভোগ করতে পারবেন দর্শকরা।
টুর্নামেন্টের জন্য সিলেটের চার জেলার ক্রিকেটারদের সমন্বয়ে ‘লাল দল’ এবং ‘সবুজ দল’ নামে দু’টি দল গঠন করা হয়েছে। নকআউট প্রদ্ধতিতে যে দল খেলায় বিজয়ী হবে সে দলটিই ঢাকায় জাতীয় রাউন্ডে অংশ নিতে পারবে।
এ নিয়ে সার্বিক পরিস্থিতি বিবেচনায় আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলন করেছে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট সিলেটের ব্যবস্থাপনা কমিটি। সম্মেলনে বক্তব্য রাখেন কমিটির আহ্বায়ক ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী এবং সদস্য সচিব ও সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী।
সিলেটবাসীকে খেলা উপভোগ করার আহ্বান জানিয়ে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘জিয়া ক্রিকেট টুর্নামেন্টের জন্য সিলেটের চার জেলার ক্রিকেটারদের নিয়ে ‘লাল দল’ এবং ‘সবুজ দল’ নামে দু’টি টিম গঠন করা হয়েছে। নকআউট প্রদ্ধতিতে যে দল খেলায় জিতবে সে দলটিই ঢাকায় জাতীয় রাউন্ডে অংশগ্রহণ করতে পারবে।’
রেজাউল হাসান কয়েস লোদী বলেন, ‘লাল দলের নেতৃত্ব দিবেন বংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার অলক কাপালী। দলটিতে ম্যানেজার হিসেবে রয়েছেন সিলেট জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন। সবুজ দলের নেতৃত্বে জাতীয় দলের সাবেক ক্রিকেটার মুবিন আহমদ এবং ম্যানেজার হিসেবে সিলেট জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলুকে রাখা হয়েছে।’
এদিকে খেলা উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে আধ্যাতিক নগরী সিলেট। ইতিমধ্যে বিভাগের সব জেলায় শেষ হয়েছে প্রচার-প্রচারণা।
সংবাদ সম্মেলনে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ও জিয়া ক্রিকেট টুর্নামেন্ট মিডিয়া উপকমিটির আহবায়ক মাহবুবুল হক চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খাঁন, জিয়া ক্রিকেট টুর্নামেন্ট মিডিয়া উপকমিটির সদস্য সচিব মো. নুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
For more information
আরো দেখুন