সিলেট , ,

সিলেটে ভারতীয় চকলেট ও মদসহ ৬ জন আটক

News Room
প্রকাশিত May 24, 2025, 04:43 PM
সিলেটে ভারতীয় চকলেট ও মদসহ ৬ জন আটক

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চকলেটসহ ৬ জনকে আটক করা হয়েছে। অপর অভিযানে ৭৯ বোতল বিদেশি মদ জব্দ করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৩ মে) দিবাগত মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর উপজেলায় জাফলং ভ্যালি বোর্ডিং স্কুল সংলগ্ন তামাবিল মহাসড়কে অভিযান চালায় পুলিশ। জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক শংকর চন্দ্র দেবের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স মদ বহনকারী দুই ব্যক্তিকে ধাওয়া করলে মদের বস্তা ফেলে তারা পালিয়ে যায়। পরে পুলিশ ওই বস্তা থেকে ৭২ ক্যান বিয়ার ও ৭ বোতল মদ উদ্ধার করে। উদ্ধার হওয়া মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯৩ হাজার টাকা।

অন্যদিকে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে জৈন্তাপুর মডেল থানার সামনে চেকপোস্ট বসিয়ে অভিযান চালায় পুলিশ। জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক বিদ্যুৎ পুরকায়স্থের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স চেকপোস্টে একটি সিলেটগামী সাদা রঙের মাইক্রোবাসে (রেজিস্ট্রেশন নং- ঢাকা মেট্রো-চ-১৩-৭৬১১) তল্লাশী চালিয়ে কয়েকটি বস্তা থেকে বিপুল পরিমাণ ভারতীয় চকলেট উদ্ধার করে। এসময় ওই গাড়িতে থাকা ছয়জনকে আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চোরাইপথে আনা চকলেটগুলো পাচারের বিষয়টি স্বীকার করেন। পুলিশ জানায়, আটককৃত গাড়িসহ জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১১ লক্ষ ৬৭ হাজার টাকা।

আটককৃত ব্যক্তিরা হলেন- বরিশাল জেলার কোতোয়ালি থানার হারুন রশীদের পুত্র সুজন হাওলাদার (৪০), শরীয়তপুরের জাজিরা থানার মৃত সুলতান ব্যাপারীর ছেলে কামাল হোসেন ব্যাপারী (৫৫), মৃত ইছহাক ব্যাপারীর ছেলে আবু সিদ্দিক ব্যাপারী (৪৫), মৃত আইয়ুব আলির ছেলে সামসুল আলম (৫৬), আব্দুল ওয়াহাব হাওলাদারের ছেলে আব্দুল লতিফ হাওলাদার (৪১) ও মৃত নূর মোহাম্মদ কোতোয়ালের ছেলে রফিক কোতোয়াল (৩৫)।

পৃথক দুটি অভিযানে ৬ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি বলেন, বিদেশি মদ জব্দের ঘটনায় পলাতক দুইজনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা ও চকলেট পাচারের সময় আটক ৬ জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে পুলিশ। আটককৃত আসামিদের শনিবার পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হয়েছে।

For more information

আরো দেখুন