সিলেট , ,

সিলেটজুড়ে পুলিশের সাঁড়াশি অভিযান: এক মাসে ৮২৪ মোটরসাইকেল আটক, জরিমানা প্রায় ৭৩ লাখ টাকা!

News Room
প্রকাশিত October 8, 2026, 09:37 PM
সিলেটজুড়ে পুলিশের সাঁড়াশি অভিযান: এক মাসে ৮২৪ মোটরসাইকেল আটক, জরিমানা প্রায় ৭৩ লাখ টাকা!

স্টাফ রিপোর্টার, সিলেটের আওয়াজ ২৪:

সিলেট মহানগরীতে ট্রাফিক আইন ভঙ্গকারী ও অনিবন্ধিত যানের বিরুদ্ধে মাসব্যাপী কঠোর অভিযান চালিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। গত সেপ্টেম্বর মাসজুড়ে পরিচালিত বিশেষ অভিযানে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও পয়েন্ট থেকে মোট ৮২৪টি মোটরসাইকেল আটক করেছে ট্রাফিক বিভাগ। এছাড়া বিধিভঙ্গের দায়ে ৭৫০টি মোটরসাইকেলের বিরুদ্ধে নিয়মিত সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করা হয়েছে।

ট্রাফিক পুলিশের প্রকাশিত মাসিক পরিসংখ্যান অনুযায়ী, গত সেপ্টেম্বর মাসে নগরীতে ট্রাফিক আইন অমান্যের ঘটনায় মোট ১ হাজার ৫০০টি মামলা দায়ের করা হয়। যার অর্ধেকই (৫০ শতাংশ) ছিল বেপরোয়া ও অনিয়মিত মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে। আটক ৮২৪টি মোটরসাইকেলের বড় অংশের বিরুদ্ধেই তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহণ করে ট্রাফিক বিভাগ।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অভিযানে সবচেয়ে বেশি মামলা হয়েছে হেলমেটবিহীন রাইড, বৈধ ড্রাইভিং লাইসেন্স ও রেজিস্ট্রেশন সংক্রান্ত নথিপত্রের ঘাটতি, বিপজ্জনক গতিতে যান চালানো এবং ফিটনেস ও ইন্ডিকেটর সংক্রান্ত ত্রুটির কারণে।

এদিকে ট্রাফিক আইন প্রয়োগের পাশাপাশি জরিমানা আদায়েও বড় সাফল্য এসেছে। সেপ্টেম্বর মাসে নগরীর বিভিন্ন মোড় ও চেকপোস্টে পরিচালিত এ অভিযানে বিভিন্ন ধরনের যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে জরিমানা ও নিষ্পত্তিকরণ প্রক্রিয়ায় মোট ৭২ লাখ ৯০ হাজার ৩৭৫ টাকা সরকারি রাজস্ব আদায় করা হয়েছে।

অভিযান প্রসঙ্গে সিলেট মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (ট্রাফিক) সুদীপ্ত রায় জানান, নগরীর ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে এ অভিযান জোরদার করা হয়েছে। কোনো ব্যক্তি আইন অমান্য করে পার পাবেন না। তিনি আরও বলেন, দুর্ঘটনা রোধ ও পথচারীদের নিরাপদ চলাচলের স্বার্থে মোটরসাইকেল চালকদের আবশ্যিকভাবে মানসম্মত হেলমেট পরা, সঠিক গতিসীমা মেনে চলা এবং সব হালনাগাদ কাগজপত্র সঙ্গে রাখার আহ্বান জানানো হচ্ছে। সড়কের স্বাভাবিক শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত এ অভিযান অব্যাহত থাকবে।

For more information

আরো দেখুন