সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে চিকিৎসকদের নৃশংস হামলার শিকার হয়েছেন দুই সংবাদকর্মী। রোগীর স্বজনদের ওপর হামলার ঘটনার তথ্য সংগ্রহ ও ছবি তুলতে গেলে ইন্টার্ন চিকিৎসকেরা তাদের ওপর চড়াও হন এবং স্যালাইনের স্ট্যান্ড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। আহত দুই সাংবাদিকের সুচিকিৎসা নিশ্চিত না করে উল্টো কর্মবিরতির ঘোষণা দেওয়ায় হাসপাতালজুড়ে চরম চিকিৎসা সংকট ও জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে।
গত বুধবার (২৮ অক্টোবর) দিনগত রাত পৌনে ১০টার দিকে ওসমানী হাসপাতালের ৫ তলায় অপারেশন থিয়েটারের (ওটি) সামনে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে। হামলায় আহত সাংবাদিকরা হলেন—দৈনিক শ্যামল সিলেটের ফটো সাংবাদিক রেজা রুবেল এবং সিলেটভিউ২৪ ডটকমের স্টাফ রিপোর্টার নিবেন্দু তালুকদার। হামলায় তাদের মাথায় গুরুতর জখম হয় এবং একাধিক সেলাই লাগে। প্রত্যক্ষদর্শীরা জানান, ওটির ভেতরে রোগীর স্বজনদের ওপর হামলার ঘটনার ছবি তুলতে গেলে ক্ষিপ্ত হয়ে ইন্টার্ন চিকিৎসকেরা তাদের ওপর হামলা চালান। রক্তাক্ত অবস্থায় তাদের হাসপাতালে চিকিৎসা নিতে বাধা দেওয়া হয় এবং কোনো চিকিৎসা না দিয়েই উল্টো লাঠিসোটা হাতে কর্মবিরতিতে চলে যান ইন্টার্ন চিকিৎসকরা।
ঘটনার পর সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম তাৎক্ষণিকভাবে হাসপাতালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেন। অন্যদিকে, হাসপাতালের উপ-পরিচালক ডা. বদরুল আলম জানান যে তারা বিষয়টি জেনেছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে ইন্টার্ন চিকিৎসকদের সাথে বৈঠক চলছে। তবে চিকিৎসকদের এহেন দায়িত্বজ্ঞানহীন আচরণ ও কর্মবিরতির কারণে সাধারণ রোগীরা চরম ভোগান্তির শিকার হন। অনেক রোগীকে বিনা চিকিৎসায় হাসপাতাল ত্যাগ করতে দেখা যায়।
সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গভীর রাতে সিলেট নগরের চৌহাট্টা পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করেন স্থানীয় সংবাদকর্মীরা। অবিলম্বে হামলাকারী চিকিৎসকদের চিহ্নিত করে আইনের আওতায় না আনলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সাংবাদিক নেতারা। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সব সাংবাদিক সংগঠনের যৌথ বৈঠকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।
For more information
আরো দেখুন