শুটার ও সহযোগী ভারতে পলাতক: অনুসন্ধানী সাংবাদিকের দাবি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় জড়িত শ্যুটার ও তার সহযোগী ভারতে পালিয়ে গেছেন বলে দাবি করেছেন অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের। রবিবার (১৪ ডিসেম্বর) সকালে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এ সংক্রান্ত তথ্য তুলে ধরেন।
জুলকারনাইন সায়েরের দাবি অনুযায়ী, সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান (শ্যুটার) এবং তার সহযোগী মোটরসাইকেলচালক আলমগীর হোসেন গত ১২ ডিসেম্বর সন্ধ্যায় সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করেন এবং বর্তমানে তাঁদের অবস্থান আসামের গুয়াহাটি শহরে।
সায়ের আরও দাবি করেন, ভারতে তাঁদের সহায়তা করছেন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী (পিএস) মো. মাসুদুর রহমান বিপ্লব। বিপ্লবের তত্ত্বাবধানেই এই অভিযুক্তরা ভারতে অবস্থান করছেন।
‘পরিকল্পিত আক্রমণ’ এবং একাধিক হিট টিমের পরিকল্পনা
জুলকারনাইন সায়েরের নির্ভরযোগ্য সূত্রের দাবি, ওসমান হাদির ওপর এই আক্রমণ ছিল অত্যন্ত পরিকল্পিত। এমনকি আরও কয়েকটি ‘হিট টিমের’ একই রকম ঘটনার পুনরাবৃত্তির পরিকল্পনা রয়েছে।
সাংবাদিক সায়েরের দাবি, মূল শ্যুটার ফয়সাল তার ঘনিষ্ঠ মহলে বলেছে যে ব্যবহৃত অস্ত্রটি জ্যাম হয়ে যাওয়ায় সে কেবল একটি গুলি করতে সক্ষম হয়, তার পরিকল্পনা ছিল চারটি গুলি করার।
তিনি সাম্প্রতিক সময়ে বিভিন্ন মামলায় জামিন পাওয়া কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের অস্ত্রধারী ক্যাডারদের বর্তমান অবস্থান যাচাই করারও তাগিদ দেন।
ডিএমপি: হামলাকারীরা ভারতে পলাতক নন
অন্যদিকে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান সাংবাদিকদের কাছে এ সংক্রান্ত তথ্যের সত্যতা অস্বীকার করেছেন।
তালেবুর রহমান জানান, ওসমান হাদির ওপর হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করে তার মালিক আব্দুল হান্নানকে মোহাম্মদপুর থেকে আটক করা হয়েছে। তবে হাদিকে গুলি করার মিশনে অংশ নেওয়া দুই অপরাধী এখনও অধরা।
ডিএমপি ডিসি স্পষ্ট করে বলেন, হামলাকারীরা বিদেশে পালিয়ে গেছেন কিনা—এমন কোনো তথ্যও পুলিশের কাছে নেই।
For more information
আরো দেখুন