সিলেট ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে জিলহজ, ১৪৪৭ হিজরি

সিলেটে এনসিপির ‘জুলাই পদযাত্রা’: রাজপথে গর্জে উঠলো জনতা, মুজিববাদের বিরুদ্ধে হুঁশিয়ারি

News Room
প্রকাশিত জুলাই ২৫, ২০২৫, ০৮:১৭ অপরাহ্ণ
সিলেটে এনসিপির ‘জুলাই পদযাত্রা’: রাজপথে গর্জে উঠলো জনতা, মুজিববাদের বিরুদ্ধে হুঁশিয়ারি

স্টাফ রিপোর্টার | সিলেট | ২৫ জুলাই ২০২৫

দেশব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শুক্রবার সিলেটে আয়োজন করে ‘জুলাই পদযাত্রা’। বিকেল সাড়ে ৫টায় নগরীর চৌহাট্টা পয়েন্ট থেকে শুরু হওয়া এই পদযাত্রায় অংশ নেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। সিলেট মহানগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে দলে দলে নেতাকর্মী এসে জমায়েত হন পদযাত্রায়। পুরো শহরজুড়ে মুখর ছিল রাজপথ—“দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা”, “দালালি না রাজপথ”, “ক্ষমতা না জনতা”—এমন শত শত স্লোগানে।
সিলেটের বহু অংশ আসামের সাথে জুড়ে দেওয়া হয়েছে: নাহিদ ইসলাম

পদযাত্রা শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে সভাপতিত্ব করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বক্তব্যে তিনি বলেন, “১৯৪৭ সালে দেশভাগের সময় এই বাংলার পক্ষে রায় দিয়েছিল সিলেট, কিন্তু আমরা তখনও পুরো সিলেট ফিরে পাইনি। বৃটিশ আমল থেকে শুরু করে পাকিস্তান এবং আওয়ামী লীগ সরকারের আমলেও সিলেটকে ঠকানো হয়েছে—বিশেষ করে গ্যাসসহ প্রাকৃতিক সম্পদ বণ্টনে।” তিনি বলেন, “সিলেট বাংলাদেশের আত্মপরিচয়—এখানে বহু জাতিগোষ্ঠীর বসবাস, বহু ভাষা ও সংস্কৃতি মিশে আছে। সিলেট হচ্ছে একটি প্রতীক, যে বারবার অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে—১৯৪১ হোক কিংবা ১৯৭১ অথবা জুলাই অভ্যুত্থান।”

নাহিদ ইসলাম প্রবাসীদের অবদান স্মরণ করে বলেন, “জুলাই অভ্যুত্থানে প্রবাসীরা গণতান্ত্রিক লড়াইয়ে আমাদের পাশে ছিলেন। তাদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। আমরা চাই, প্রবাসীরাও রাষ্ট্রের নীতিনির্ধারণে অংশ নেবেন।” একই সঙ্গে তিনি ঘোষণা দেন, “ঢাকা শহীদ মিনার থেকে আমরা জুলাই সনদ ও ঘোষণা পত্র আদায় করবো।”

সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, “এনসিপি কোনো সন্ত্রাসীদের দল নয়, চাঁদাবাজদের দল নয়। এটি উঠে এসেছে সংকট থেকে—ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে।” তিনি বলেন, “এই দেশ এতদিন ছিল কিছু গোষ্ঠীর—বসুন্ধরার, প্রশাসনের, আর্মিদের। এখন সময় এসেছে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার। আওয়ামী লীগের চ্যাপ্টার আমরা বন্ধ করেছি, আর ফিরতে দেবো না। তবে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে—তাদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।”

এর আগে দুপুরে সুনামগঞ্জে ‘জুলাই পদযাত্রা’ শেষে আলফাত স্কয়ারে পথসভায় এনসিপি আহ্বায়ক বলেন, “ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে ছাত্র ও জনতা শেখ হাসিনাকে উৎখাত করেছে। কিন্তু এখনো নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়নি। শেখ হাসিনা আমাদের ওপর একটি ফিটনেসবিহীন রাষ্ট্র চাপিয়ে গেছেন। এনসিপি সেই রাষ্ট্র মেরামতের জন্য তৈরি হয়েছে।”

পথসভায় তিনি আরও বলেন, “মুজিববাদ মানে একদলীয় শাসনব্যবস্থা, লুটপাট, দুর্নীতি, ইসলাম বিদ্বেষ, সংখ্যালঘুদের জমি দখল, ভারতের কাছে বর্গা দেওয়ার রাজনীতি। আমরা মুজিববাদের বিরুদ্ধে রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তুলবো।”

সিলেটের বহু অংশ আসামের সাথে জুড়ে দেওয়া হয়েছে: নাহিদ ইসলাম

সিলেট শহরে এসে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ‘শহীদ রুদ্র তোরণ’-এ ফুল দিয়ে শ্রদ্ধা জানান এনসিপির নেতারা। সেখানে সংক্ষিপ্ত সভায় নাহিদ ইসলাম বলেন, “বিশ্ববিদ্যালয়গুলোতে আর গোলামের জীবন চলবে না। ছাত্র সংসদের নির্বাচন দ্রুত দিতে হবে, হলে খাবারের মান ঠিক করতে হবে, একাডেমিক পরিবেশ নিশ্চিত করতে হবে। এই এক বছরে অনেক কিছু হয়নি, কিন্তু গণতন্ত্র ও মানবাধিকারের পরিবেশ তৈরি হয়েছে।”

সমাবেশ উপলক্ষে শহীদ মিনার এলাকা জুড়ে ছিল ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। সিলেট মহানগর পুলিশ সিসিটিভি ক্যামেরা স্থাপন করে, পোশাকধারী ও সাদা পোশাকে মোতায়েন করে পুলিশ সদস্য। বৃহস্পতিবার রাতে সিলেট মহানগর পুলিশ কমিশনার নিজে সভামঞ্চ পরিদর্শন করেন।

সিলেট মহানগরজুড়ে এনসিপির পোস্টার, ফেস্টুন, তোড়ন ও ব্যানারে ছেয়ে যায় চারপাশ। শহীদ মিনারে দেশাত্মবোধক গান ও ‘জুলাই আন্দোলন’ নিয়ে ডকুমেন্টারি প্রদর্শন হয়। পুরো আয়োজনকে সফল করতে দিনভর প্রস্তুতি চালান সিলেট জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দ।

এনসিপি সিলেট জেলার প্রধান সমন্বয়কারী নাজিম উদ্দিন শাহান বলেন, “ঐতিহাসিক জুলাই পদযাত্রায় সিলেটবাসী আজ ইতিহাসের সাক্ষী হলো।” ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ বলেন, “আজকের পদযাত্রা হচ্ছে আমাদের রাজনৈতিক দর্শনের প্রতিচ্ছবি। প্রত্যেকটি নেতাকর্মী দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে।”
জুলাই অভ্যুত্থান নিয়ে আরও জানুন

For more information

আরো দেখুন|