ঢাকা, ২৪ জানুয়ারি ২০২৬: ঊনসত্তরের গণঅভ্যুত্থানের মূল্যবোধের ধারাবাহিকতায় আমরা মহান স্বাধীনতা অর্জন করেছি বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (২৪ জানুয়ারি) ‘ঊনসত্তরের গণঅভ্যুত্থান’ দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এই মন্তব্য করেন। বাণীতে তিনি বলেন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান বাংলাদেশের স্বাধিকার ও স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের এক তাৎপর্যপূর্ণ অধ্যায়। ৫২-র ভাষা আন্দোলন, ঐতিহাসিক ৬ দফা, ১১ দফা এবং ঊনসত্তরের গণঅভ্যুত্থানের পথ ধরেই মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা।
প্রধান উপদেষ্টা তাঁর বাণীতে উল্লেখ করেন যে, তৎকালীন স্বৈরাচারী শাসন ও দমনপীড়ন থেকে মুক্তির দাবিতে ১৯৬৯ সালের জানুয়ারি মাস ছিল আন্দোলনে উত্তাল। ২৪ জানুয়ারি ছাত্র-জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সেই আন্দোলন এক ব্যাপক গণবিস্ফোরণে রূপ নেয়। সংগ্রামী জনতা শাসকগোষ্ঠীর সান্ধ্য আইন ভঙ্গ করে মিছিল বের করলে পুলিশের গুলিতে শহীদ হন নবকুমার ইনস্টিটিউটের ছাত্র মতিউর রহমান মল্লিকসহ মকবুল, আনোয়ার, রুস্তম, মিলন ও আলমগীর।
অধ্যাপক ইউনূস আরও বলেন, ১৯৬৯-এর শহীদদের এই আত্মত্যাগ জুলাই গণঅভ্যুত্থানসহ সব গণতান্ত্রিক আন্দোলনে এ দেশের তরুণ সমাজকে অফুরন্ত সাহস ও অনুপ্রেরণা জুগিয়েছে। বাণীর শেষাংশে তিনি স্মৃতিবিজড়িত এই দিনে গণঅভ্যুত্থানের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
For more information
আরো দেখুন