শ্রীমঙ্গল (মৌলভীবাজার):
নতুন স্থাপনা নির্মাণের আগেই বিদ্যমান মাঠ ও জেলা পর্যায়ের স্টেডিয়ামগুলোকে সংস্কারের মাধ্যমে পূর্ণাঙ্গ ক্রীড়া অবকাঠামো হিসেবে গড়ে তোলার মহাপরিকল্পনা হাতে নিয়েছে সরকার। মঙ্গলবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ক্রিকেট একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
প্রতিমন্ত্রী জানান, তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত খেলাধুলার একটি টেকসই ও সমন্বিত কাঠামো তৈরি করাই সরকারের মূল লক্ষ্য। শ্রীমঙ্গল ক্রিকেট একাডেমির পাশাপাশি খেলোয়াড়দের অনুশীলনের মাঠ, আধুনিক ড্রেসিংরুমসহ আনুষঙ্গিক সব সুবিধার দ্রুত উন্নয়ন করা হবে। জেলা স্টেডিয়ামগুলোতে কেবল ফুটবল বা ক্রিকেট নয়; বরং সাঁতার, ভলিবল, টেবিল টেনিস, দাবা, আর্চারি, শুটিং ও হকির মতো সম্ভাবনাময় খেলাগুলোর নিয়মিত অনুশীলনের সুযোগ তৈরি করা হবে। এজন্য স্টেডিয়ামগুলোর আধুনিকায়ন সংক্রান্ত একটি সমন্বিত প্রকল্প (ডিপিপি) প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসারে ইউনিয়ন পর্যায়ে মাঠ প্রস্তুত এবং শহরাঞ্চলে ওয়ার্ডভিত্তিক ফুটসাল মাঠ তৈরির পরিকল্পনার কথাও উল্লেখ করেন প্রতিমন্ত্রী। তরুণ প্রজন্মকে মাদকমুক্ত ও শারীরিক-মানসিকভাবে সুস্থ রাখতে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে তিনি জানান, নতুন শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণি থেকেই ক্রীড়াবিষয়ক পাঠ্যপুস্তক অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
মৌলভীবাজারের ঐতিহ্যবাহী রেলওয়ে মাঠসহ দেশের বেদখল হওয়া খেলার মাঠগুলো দ্রুত দখলমুক্ত করতে জেলা ও উপজেলা প্রশাসনকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান মো. আমিনুল হক। একই সঙ্গে অলিম্পিক, এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমসের মতো মেগা আসরে পদক জয়ের লক্ষ্য নিয়ে বছরব্যাপী প্রতিভাবান খেলোয়াড় তৈরির দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ কার্যক্রম চলছে বলেও তিনি নিশ্চিত করেন।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশীদ, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান, সহকারী পুলিশ সুপার মোঃ ওয়াহিদুজ্জামান রাজু এবং বিসিবি পরিচালক সরফরাজ আহমদ সরফুর উপস্থিত ছিলেন। একাডেমি উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী শ্রীমঙ্গলে প্রস্তাবিত মিনি স্টেডিয়াম নির্মাণের স্থান পরিদর্শন করেন।
For more information
আরো দেখুন