গত এক বছরে আবাসন, শ্রম এবং সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে ব্যাপক ধরপাকড় চালানো হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, এই আইনগুলো লঙ্ঘনের দায়ে প্রতিদিন গড়ে ১ হাজার ২০০-র বেশি প্রবাসীকে গ্রেপ্তার করার পর নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিশেষ বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে ইয়েমেনি নাগরিকদের সংখ্যাই সবচেয়ে বেশি। যদিও বর্তমানে পর্যটকদের জন্য সৌদি আরব বৈধভাবে উন্মুক্ত, তবে অনেক দর্শনার্থী ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে দেশটিতে থেকে কাজ করছেন বলে অভিযোগ উঠেছে। এছাড়া অনেকে সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশ করে নিরাপত্তা ব্যবস্থার অপব্যবহার করছেন, যা দেশটির অভ্যন্তরীণ শৃঙ্খলার জন্য হুমকি স্বরূপ।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে চরম সতর্কতা জারি করে বলেছে যে, অবৈধ উপায়ে প্রবেশে সহায়তা করা, অপরাধীদের পরিবহন করা, আশ্রয় দেওয়া কিংবা সেবা প্রদানকারী ব্যক্তিদেরও কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। এই অভিযানের মূল লক্ষ্য হলো দেশটিতে অবৈধ অনুপ্রবেশ ঠেকানো এবং সকল প্রকার শ্রম ও আবাসন আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা।
For more information
আরো দেখুন