ইসরায়েলি সামরিক আগ্রাসনের কারণে দীর্ঘ সময় বন্ধ থাকার পর অবশেষে পুনরায় খুলে দেওয়া হচ্ছে গাজার গুরুত্বপূর্ণ রাফাহ সীমান্ত ক্রসিং। শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে যে, আগামী সপ্তাহ থেকেই মিশর ও গাজার মধ্যে এই ক্রসিংটি দুই দিকেই উন্মুক্ত করে দেওয়া হবে। সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম চলাকালীন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত এক অনুষ্ঠানে ভিডিও লিংকের মাধ্যমে গাজা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত টেকনোক্র্যাট নেতা আলি শাথ এই ঐতিহাসিক ঘোষণা দেন।
শাথ তাঁর বক্তব্যে রাফাহ ক্রসিংকে গাজার মানুষের জন্য ‘নতুন সম্ভাবনার প্রতীক’ হিসেবে অভিহিত করেছেন। ২০২৪ সাল থেকে এই সীমান্তের নিয়ন্ত্রণ ইসরায়েলের হাতে থাকলেও, এই ঘোষণার পর ইসরায়েলি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। মূলত গত বছরের ১০ অক্টোবর ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হলেও, মানবিক সহায়তা প্রবেশ এবং মুমূর্ষু রোগীদের গাজা ছাড়ার সুযোগ দিতে দীর্ঘ সময় ধরে গড়িমসি করে আসছিল ইসরায়েল।
যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী, বর্তমানে ‘ইয়েলো লাইন’-এর বাইরে গাজার অর্ধেকের বেশি এলাকা এবং রাফাহ সীমান্তবর্তী অঞ্চল এখনো ইসরায়েলি সামরিক বাহিনীর দখলে রয়েছে। এই বৈরি পরিস্থিতির মধ্যেও সীমান্ত খুলে দেওয়ার সিদ্ধান্তকে গাজার অবরুদ্ধ মানুষের জন্য বড় ধরনের কূটনৈতিক ও মানবিক বিজয় হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এই পদক্ষেপের ফলে গাজায় ত্রাণ সরবরাহ এবং যাতায়াত ব্যবস্থা স্বাভাবিক হওয়ার পথে এক নতুন আশার আলো সঞ্চারিত হলো।
For more information
আরো দেখুন