মৌসুমের শুরুতে নিয়ম মানতে গিয়ে বার্সেলোনাকে ‘ফিন্যান্সিয়াল লিভার’ চালু করতে হয়েছিল এবং তারা শুরুর দিকে বেতনের সীমাসংক্রান্ত জটিলতার কারণে দানি অলমোকে নিবন্ধনও করাতে পারেনি। এরপরও কাতালান এই ক্লাবই অবশ্য এ মৌসুমের স্যালারি ক্যাপের সবচেয়ে বেশি সুবিধাভোগী। যদিও তাদের এখনো কঠিন নিয়ম মেনে চলতে হচ্ছে।
বেতনসীমার দিক থেকে রিয়াল মাদ্রিদ যে সবার ওপরে থাকবে, তা বিস্মিত হওয়ার মতো কিছু নয়। তাদের বেতনসীমা চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে প্রায় ৩৩ কোটি ইউরো বেশি। যদিও গত মৌসুমের সঙ্গে তুলনা করলে রিয়ালের বেতনের সীমা খুব বেশি বাড়েনি। গত মৌসুমের ৭২ কোটি ৭০ লাখ থেকে সেটি এখন বেড়ে হয়েছে ৭৫ কোটি ৫০ লাখ। অন্যদিকে বার্সেলোনার বেতনসীমা আগের মৌসুম থেকে ৫৭ শতাংশ বেড়েছে। ২৭ কোটি থেকে যা এখন ৪২ কোটি ৬০ লাখে গিয়ে দাঁড়িয়েছে।