গত সোমবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জামায়াত নিযুক্ত আইনজীবী শিশির সাংবাদিকদের বলেছিলেন, জামায়াত ও শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপনটি মঙ্গলবার বাতিল করা হতে পারে।
সূত্র জানায়, জামায়াত নতুন সরকারের কাছে তাদের দল ও ছাত্রসংগঠন নিষিদ্ধের বিষয়টি তুলেছিল। সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা জামায়াতের কাছে জানতে চেয়েছিলেন, কোন আইনে নিষিদ্ধের আদেশ প্রত্যাহার করা যায়। তখন শিশির মনিরকে জামায়াত আইনজীবী হিসেবে নিয়োগ করে।
শিশির মনির মঙ্গলবার এই প্রতিবেদককে বলেন, সন্ত্রাস দমনের যে আইনে নিষিদ্ধ করা হয়েছিল, সে আইনেই নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি পুনর্বিবেচনার সুযোগ আছে। সেই ব্যাখ্যা তিনি স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়কে জানিয়েছেন। সরকারি সূত্রে তিনি জানতে পেরেছেন, সরকারি প্রক্রিয়া চলছে।