সিলেট , ,

মোল্লারগাঁও ইউপি কার্যালয়ের হিসাব সহকারী রাজীবের বিরুদ্ধে নারীর যে অভিযোগ

News Room
প্রকাশিত November 6, 2024, 07:11 PM
মোল্লারগাঁও ইউপি কার্যালয়ের হিসাব সহকারী রাজীবের বিরুদ্ধে নারীর যে অভিযোগ

স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে কর্মরত রাজীব রায় সিলেটের বিভাগীয় কমিশনার অফিসের সংস্থাপন শাখার সহকারী প্রশাসনিক কর্মকর্তা দিলীপ কুমার রায়ের সহযোগিতায় জালিয়াতির মাধ্যমে চাকরি নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
গত ২৮ অক্টোবর সিলেট জেলা প্রশাসকের কাছে এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সিলেট মহানগরের জামতলা এলাকার শংকর চন্দ্র রায়ের কন্যা কেয়া রানী রায় ওই অভিযোগটি করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, রাজীব রায় সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে কর্মরত রয়েছেন। তিনি ২০১৯ সালে পরীক্ষায় অংশগ্রহণ করে ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে চাকুরিতে যোগদান করেন। চাকুরি প্রাপ্তির জন্যে তার খালু সিলেটের বিভাগীয় কমিশনার অফিসের সংস্থাপন শাখার সহকারী প্রশাসনিক কর্মকর্তা দিলীপ কুমার রায়ের স্ত্রী তপতী রানী রায়’র জায়গা বিক্রয় দেখিয়ে সিলেট সদর উপজেলার বটেশ্বর ক্যান্টনমেন্ট এলাকায় স্থায়ী বাসিন্দা হিসাবে রাজীব রায় (পলাশ) নাগরিক সনদ গ্রহণ করেন।
বিক্রয়কৃত দুই শতক জায়গা রাজীব রায়ের পিতা মহিতোষ রায়ের নামে ক্রয় দেখিয়ে রেজিস্ট্রারি দলিলও করা হয়। রাজীব স্থানীয় কোঠা পদ্ধতি লঙ্ঘন করে চাকুরিতে যোগদান করেন এবং এখনো কর্মরত আছেন। অথচ রাজীব রায় জন্মসূত্রে সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার ৬নং করিমপুর ইউনিয়নের টুকদিরাই গ্রামের স্থায়ী বাসিন্দা। তার দাদার নাম সনৎকুমার রায়। সনৎকুমার রায়ের পাঁচ পুত্র সন্তানের মধ্যে রাজীবের পিতা মহিতোষ রায় হলেন তৃতীয়।
তাদের পুরো পরিবার বংশ পরম্পরায় টুকদিরাই গ্রামে যুগ যুগ ধরে বসবাস করে আসলেও রাজীব রায় স্থানীয় বাসিন্দার তথ্য গোপন করে জালিয়াতির মাধ্যমে সিলেট জেলার স্থায়ী বাসিন্দা সেজে চাকুরি হাতিয়ে নেন বলে অভিযোগ উঠেছে। সরেজমিনে তদন্ত করলে পুরো বিষয়টির সত্যতা বেরিয়ে আসবে বলে অভিযোগকারী কেয়া রায় জানিয়েছেন।
এ বিষয়ে রাজীব রায়ের কাছে জানতে চাইলে তিনি বলেন- তদন্ত সাপেক্ষে আমার চাকুরি হয়েছে। প্রয়োজনে বিষয়টি আবারও তদন্ত হবে।
সিলেটের বিভাগীয় কমিশনার অফিসের সংস্থাপন শাখার সহকারী প্রশাসনিক কর্মকর্তা দিলীপ কুমার রায়ের সাথে এ বিষয়ে জানতে চাইলে তিনি কথা বলতে অপারগতা প্রকাশ করেন।

 

For more information

আরো দেখুন|