আওয়াজ ডেস্ক: চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় আড়াই কোটি টাকা সমমূল্যের বৈদেশিক মুদ্রাসহ মো. জাকির হোসেন নামের এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা। আজ বৃহস্পতিবার সকাল ৮টায় দুবাইগামী একটি ফ্লাইট থেকে তাঁকে আটক করা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে কর্মকর্তারা জানান, সকাল সাড়ে সাতটায় ইউএস বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকা থেকে চট্টগ্রামে আসেন জাকির। ওই ফ্লাইটে দুবাইয়ে যাচ্ছিলেন তিনি। গোপন তথ্যের ভিত্তিতে বিমানের ভেতর থেকে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর ব্যাগ থেকে বিশেষ কায়দায় লুকানো ২ কোটি ৩১ লাখ টাকা সমমূলের সৌদি রিয়াল ও ১৩ লাখ ৮০ হাজার টাকা সমমূল্যের আরব আমিরাতের দিরহাম উদ্ধার করা হয়।
মো. জাকির লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার বাসিন্দা। তিনি ঢাকার বংশাল এলাকায় বসবাস করতেন। তিনি প্রায়ই মধ্যপ্রাচ্যে যাতায়াত করতেন এবং মুদ্রা পাচারের সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।
বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ আটক হওয়ায় তাঁর বিরুদ্ধে অর্থ পাচার আইনে মামলা করে পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
For more information
আরো দেখুন|