আগামী ১৬ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দেশে ফেরার দাবিকে আবারও নাকচ করে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ডিসেম্বরে বাংলাদেশে কেউ আসবে না; ডিসেম্বরে একমাত্র শীতই আসবে। এ সময় তিনি শীতের প্রস্তুতি হিসেবে জাম্পার বা হালকা জ্যাকেট কেনার পরামর্শও দেন।
ভারতে অবস্থানরত শেখ হাসিনার ১৬ ডিসেম্বর ফেরার বিষয়ে সম্প্রতি একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনের পাশাপাশি পশ্চিমবঙ্গের কয়েকজন নেতার বক্তব্য নিয়ে ব্রিফিংয়ে প্রশ্ন করা হয়। পশ্চিমবঙ্গের নেতা অর্জুন সিংয়ের মন্তব্য প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, সব দেশের রাজনীতিতেই কিছু ব্যক্তি এমন বক্তব্য দেন, তবে বাংলাদেশের সম্পর্ক ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে এবং সে পর্যায়েই গুরুত্ব দিয়ে আলোচনা করা হবে।
শেখ হাসিনার দেশে আসা ও আইনি প্রক্রিয়া সংক্রান্ত এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, তিনি ডিসেম্বরে দেশে ফিরবেন না এবং বর্তমান প্রেক্ষাপটে তাঁকে অপ্রাসঙ্গিক বলে দাবি করেন। প্রত্যর্পণ চুক্তির প্রসঙ্গ টেনে তিনি বলেন, আইনি প্রক্রিয়ার আওতায় আনা ছাড়া তাঁর ফেরার কোনো সুযোগ নেই। পাশাপাশি ভারতে তাঁর অবস্থান নিয়ে দেশটির বিব্রতকর পরিস্থিতির কথাও উল্লেখ করেন প্রতিমন্ত্রী। ব্রিফিংয়ের শেষে তিনি আবারও জোর দিয়ে বলেন, ডিসেম্বরে আর কেউ আসবে না, একমাত্র শীতই আসবে এবং এটিই নিশ্চিত।
For more information
আরো দেখুন