আন্তর্জাতিক ডেস্ক | ২৬ নভেম্বর ২০২৬
বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ককে পাকিস্তান অত্যন্ত গুরুত্ব দেয় বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ. ইসলামাবাদে সফররত বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও তাঁর নেতৃত্বাধীন সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে পৃথক বৈঠকে পাকিস্তানের শীর্ষ নেতৃত্ব এই অবস্থান তুলে ধরেন. পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের আমন্ত্রণে ছয় দিনের সরকারি সফরে গত সোমবার ইসলামাবাদে পৌঁছান হাফিজ উদ্দিন আহমদ. বাংলাদেশের জাতীয় সংসদের কোনো স্পিকারের এটিই প্রথম আনুষ্ঠানিক পাকিস্তান সফর.
ইসলামাবাদের প্রেসিডেন্ট ভবন আইওয়ান-ই-সদরে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সঙ্গে সাক্ষাৎকালে তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে পাকিস্তান অত্যন্ত গুরুত্ব দেয়; যার ভিত্তি অভিন্ন ইতিহাস, ধর্মীয় বিশ্বাস এবং গভীর সাংস্কৃতিক ও পারিবারিক বন্ধন. সার্বভৌম সমতা, পারস্পরিক শ্রদ্ধা ও উভয় পক্ষের লাভের ভিত্তিতে ভবিষ্যৎমুখী দৃষ্টিভঙ্গি নিয়ে সংসদীয় প্রতিনিধিদল বিনিময়, বাণিজ্য, অর্থনৈতিক সহযোগিতা, শিক্ষা এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির ওপর জোর দেন জারদারি. সাম্প্রতিক সময়ে দুই দেশের সম্পর্কে নতুন গতির কথা উল্লেখ করে তিনি জানান, আলোচনাধীন প্রায় ২৬টি সমঝোতা স্মারক (এমওইউ) দ্রুত চূড়ান্ত হবে, যা দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণে প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি করবে. পাশাপাশি প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধিতে পাকিস্তানের প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করার পাশাপাশি কৃষি, শিল্প, খাদ্যনিরাপত্তা, দুর্যোগ ব্যবস্থাপনা, ডিজিটাল প্রশাসন ও মহাকাশ গবেষণায় সহযোগিতার সম্ভাবনার কথা তুলে ধরেন তিনি. এ ছাড়া আগামী জানুয়ারিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগকে স্বাগত জানিয়ে সরাসরি ফ্লাইট ও নৌ যোগাযোগ বাড়ানোর তাগিদ দেন পাকিস্তানের প্রেসিডেন্ট.
অন্যদিকে প্রধানমন্ত্রীর বাসভবনে বাংলাদেশের স্পিকার ও প্রতিনিধিদলের সম্মানে আয়োজিত নৈশভোজে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, বাংলাদেশের সঙ্গে ভ্রাতৃপ্রতিম সম্পর্ককে পাকিস্তান অত্যন্ত গুরুত্ব দেয়. অভিন্ন ইতিহাস ও সাংস্কৃতিক ঘনিষ্ঠতার কথা স্মরণ করে তিনি প্রাতিষ্ঠানিক সহযোগিতা ও জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর পাশাপাশি সংসদীয় ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা সম্প্রসারণের বিপুল সুযোগ রয়েছে বলে মন্তব্য করেন. বৈঠকগুলোতে বাংলাদেশের প্রতিনিধিদলে ছিলেন সংসদের পররাষ্ট্রবিষয়ক স্থায়ী কমিটির সভাপতি জাহরাত আদিব চৌধুরী, সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী, মুহাম্মদ নাজিবুর রহমান, নিলুফার চৌধুরী মনি, নাসের রহমান এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হোসেন খান. পাকিস্তানের পক্ষে উপস্থিত ছিলেন জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিক, সিনেটর শেরি রহমান ও সেলিম মান্ডভিওয়ালা, জাতীয় পরিষদের সদস্য নাভিদ কামার ও শাজিয়া সোবিয়া আসলাম সুমরো এবং পাকিস্তান-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের আহ্বায়ক.
For more information
আরো দেখুন