সিলেট , ,

ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ

News Room
প্রকাশিত October 31, 2026, 10:17 PM
ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ

: সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে দুই সাংবাদিকের ওপর ইন্টার্ন চিকিৎসকদের বর্বরোচিত হামলার প্রতিবাদে এবং দোষী চিকিৎসকদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে সর্বস্তরের সাংবাদিকদের উদ্যোগে এক বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আয়োজিত এই সমাবেশে সিলেটের সাংবাদিক সমাজ, রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সমাবেশে বক্তারা বলেন, স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের অধিকারকে শেকলবন্দি করার অপচেষ্টার অংশ হিসেবেই সাংবাদিক রেজা রুবেল ও নিবেন্দু তালুকদারের ওপর এই ন্যাক্কারজনক হামলা চালানো হয়েছে। সিলেটের মানুষের সেবা পাওয়ার অধিকারের পক্ষে লড়াই করা সাংবাদিকদের ওপর এই আঘাত মূলত গোটা সিলেটবাসীর ওপর আঘাতের শামিল। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সিলেটবাসীর আস্থার প্রতীক, এখানে কোনো ধরনের সন্ত্রাসী কার্যকলাপ ও সাধারণ মানুষকে জিম্মি করার সংস্কৃতি বরদাশত করা হবে না।

সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস-উন-নূরের সভাপতিত্বে ও জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিনের পরিচালনায় সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ঘটনার তিন দিন অতিবাহিত হলেও হাসপাতাল কর্তৃপক্ষ বা প্রশাসন থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। অতীতে হাসপাতালের যেকোনো সংকটময় মুহূর্তে সাংবাদিকরাই চিকিৎসকদের পাশে দাঁড়িয়েছিলেন, অথচ তার প্রতিদান দেওয়া হলো সাংবাদিকদের রক্তাক্ত করে। অবিলম্বে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুশিয়ারি উচ্চারণ করা হয়।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরামুল কবির ইকু, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) সিলেট-এর সভাপতি মো. মাহবুবুর রহমান রিপন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব), সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গুলজার আহমদ হেলাল, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ূন কবির লিটনসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।

সমাবেশে শাবিপ্রবিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা সংহতি প্রকাশ করে উপস্থিত ছিলেন।

For more information

আরো দেখুন