সামাজিক যোগাযোগমাধ্যম ও টিকটকের আকর্ষণে বাসা থেকে পালিয়ে আসা কুমিল্লা পুলিশ লাইন্স স্কুলের নিখোঁজ চার শিক্ষার্থীকে সিলেটের হযরত শাহজালাল (র.) মাজার এলাকা থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। গত ১২ অক্টোবর থেকে ১০ থেকে ১৫ বছর বয়সী ওই চার শিক্ষার্থী নিখোঁজ ছিল।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, ওই শিক্ষার্থীরা গত সোমবার সকালে স্কুলে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়। কিন্তু নির্ধারিত সময়ে তারা ক্লাসে উপস্থিত না হওয়ায় এবং স্কুলবাসে না ফেরায় স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের বিষয়টি জানায়। কোনো সন্ধান না পেয়ে পরবর্তীতে অভিভাবকদের পক্ষ থেকে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। ঘটনার গুরুত্ব বিবেচনা করে জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও থানা পুলিশের একাধিক টিম মাঠে নামে।
প্রাথমিক তদন্ত ও তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ জানতে পারে, মোবাইল বিক্রি করে এবং টিকটকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরিচিতদের সাথে যোগাযোগের সূত্র ধরে তারা প্রথমে ঢাকায় এবং পরবর্তীতে সিলেটের উদ্দেশ্যে রওনা দেয়। ধারাবাহিক অভিযান ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের পর ডিবির একটি দল সিলেটের পবিত্র মাজার এলাকা থেকে তাদের অবস্থান নিশ্চিত করে এবং তাদের উদ্ধার করে।
এ বিষয়ে পুলিশ প্রশাসন জানায়, অপ্রাপ্তবয়স্ক শিশুদের অনলাইন ব্যবহারের ক্ষেত্রে অভিভাবকদের আরও বেশি সচেতন হওয়া প্রয়োজন। উদ্ধারকৃত শিশুদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া এবং তাদের কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হচ্ছে।
For more information
আরো দেখুন