সিলেট , ,

এক থানার দুই এএসআইয়ের ঘুষের ভিডিও ফাঁস! চুনারুঘাটে তোলপাড়

News Room
প্রকাশিত October 6, 2026, 10:17 PM
এক থানার দুই এএসআইয়ের ঘুষের ভিডিও ফাঁস! চুনারুঘাটে তোলপাড়

চুনারুঘাট (হবিগঞ্জ):

মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে অর্থ দাবি ও অর্থ লেনদেনের অভিযোগে হবিগঞ্জের চুনারুঘাট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) অতনু বণিকের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এর মাত্র একদিন আগে একই থানার আরেক এএসআই মোহাম্মদ ইলিয়াস হোসাইনের ঘুষ কেলেঙ্কারির ভিডিও ছড়িয়ে পড়ার পর তাকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছিল। এক দিনের ব্যবধানে একই থানার দুই কর্মকর্তার এমন কর্মকাণ্ডে জেলাজুড়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে মাসুদ আলম নামের এক ব্যক্তির ফেসবুক পেজ ‘আইটিভি’-তে ভিডিওটি প্রথম প্রকাশিত হয়। ভিডিওতে দেখা যায়, একটি পুকুরপাড়ের সিমেন্টের বেঞ্চে বসে কথোপকথন চলছে। কালচে টি-শার্ট ও জিন্স পরিহিত এএসআই অতনু বণিক এক ব্যক্তিকে দণ্ডবিধির ৩২৪ ও ৫০৬ ধারাসহ বিভিন্ন গুরুতর ধারায় মামলার ভয় দেখাচ্ছেন।

ভিডিওতে মামলার আপস-মীমাংসা, আসামির জামিন এবং আনুষঙ্গিক খরচ নিয়ে দরকষাকষির দৃশ্য স্পষ্ট হয়। কথোপকথনে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘৬ হাজার আর ৪ হাজার, ১০ হাজার টাকা দিছি।’ জবাবে এএসআই অতনু বলেন, ‘ঠিক আছে, আর দুই হাজার টাকা বাড়িয়ে দাও আমাকে। আমি বলি, আসামি নিয়ে যাওয়ার সময় তুমি আমাকে খরচের টাকা দিবা না? আসামি গাড়িতে যাওয়ার সময় খরচের টাকা দিবা না? সিএনজি ঠিক করো আজকে। এখন ফোন দাও, এখনই ফোন দাও। তুমি আজ রাতে ১০০ শতাংশ শিওর করবা।’ এ সময় তিনি আইনি মারপ্যাঁচ দেখিয়ে বলেন, ‘৩২৪ ধারায় এফআইআর হলে কালকেই জামিন পাবে, আর ৩২৫ ও ৩০৬ ধারা হলে মিনিমাম পাঁচ-ছয় বছর টানতে হবে।’

এ বিষয়ে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, বিষয়টি তাঁদের নজরে এসেছে এবং বিস্তারিত তথ্য ও সত্যতা যাচাই করে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে যথাযথ বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এর আগে অপর এএসআই মোহাম্মদ ইলিয়াস হোসাইনকে একই ধরনের অভিযোগে ক্লোজ করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।

For more information

আরো দেখুন