সিলেট , ,

সিলেটে দুই শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

News Room
প্রকাশিত September 11, 2026, 11:18 PM
সিলেটে দুই শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

সিলেট সদর উপজেলার পীরের বাজার এলাকার ‘জামেয়া তাহফিজুল কোরআন মাদ্রাসার’ দুই শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতনের (বলাৎকার) অভিযোগে প্রতিষ্ঠানটির মুহতামিম ফয়জুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে শাহপরাণ (রহ.) থানা পুলিশ জৈন্তাপুর থেকে তাকে আটক করে। পরে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হলে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম। এদিকে ঘটনার পর মাদ্রাসাটিতে তালা ঝুলিয়ে অন্য শিক্ষকরা গা-ঢাকা দিয়েছেন।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, মাদ্রাসার হিফজ শাখায় পড়ুয়া ৮ থেকে ১০ বছর বয়সী দুই শিশু সম্প্রতি বাড়ি ফিরে আর মাদ্রাসায় যেতে অস্বীকৃতি জানায়। অভিভাবকরা কারণ জানতে চাইলে শিশুরা জানায়, প্রতি রাতে তাদের হুজুরের কক্ষে যেতে হতো এবং সেখানে তাদের ওপর যৌন নির্যাতন চালানো হতো। যেতে না চাইলে করা হতো মারধর। এক শিশুর বাবা জানান, কয়েক দিন আগে আট বছর বয়সী একটি শিশুর স্তন থেকে পুঁজ বের হলে চিকিৎসকের কাছে নেওয়া হয়; চিকিৎসক জানান, কামড়ের কারণে এই ক্ষত হয়েছে। এরপরই একে একে আরও শিক্ষার্থীর ওপর চলা নির্যাতনের তথ্য প্রকাশ্যে আসে।

শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস আহমদ জানান, পরিবারের পক্ষ থেকে আইনি পদক্ষেপ নেওয়ার খবর পেয়ে ফয়জুল হক তার নিজ এলাকা জৈন্তাপুরে পালিয়ে যান, পরে সেখান থেকেই তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদেও তিনি অভিযোগ স্বীকার করেছেন। পুলিশের ভাষ্যমতে, বিয়ের বিষয়ে প্রশ্ন করা হলে ফয়জুল দাবি করেন নারীদের তার পছন্দ নয়। পুলিশ জানায়, ভুক্তভোগী শিশুদের ডাক্তারি পরীক্ষার ব্যবস্থা নেওয়া হয়েছে এবং প্রতিষ্ঠানে অন্য কোনো শিক্ষক এ ধরনের ঘটনায় জড়িত ছিলেন কি না, তা গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে।