সিলেট ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি

ওসমান হাদি হত্যা: তদন্তের দাবিতে জাতিসংঘে চিঠি পাঠাচ্ছে সরকার

News Room
প্রকাশিত ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০৯:৩১ অপরাহ্ণ
ওসমান হাদি হত্যা: তদন্তের দাবিতে জাতিসংঘে চিঠি পাঠাচ্ছে সরকার

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের বিচারে বড় পদক্ষেপ নিচ্ছে অন্তর্বর্তী সরকার। এই হত্যার নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের তদন্ত নিশ্চিত করতে আগামী রোববার (৮ ফেব্রুয়ারি) জাতিসংঘের সংশ্লিষ্ট দপ্তরে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হবে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সরকারের পক্ষ থেকে দেওয়া এক বিশেষ বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

জাতিসংঘের অধীনে তদন্তের প্রতিশ্রুতি: বিবৃতিতে সরকার স্পষ্টভাবে পুনর্ব্যক্ত করেছে যে, শহীদ ওসমান হাদি হত্যার বিচারে তারা বদ্ধপরিকর। তদন্ত প্রক্রিয়াকে স্বচ্ছ ও গ্রহণযোগ্য করতে জাতিসংঘের অধীনে তদন্ত পরিচালনার আইনগত দিকগুলো বর্তমানে নিবিড়ভাবে পর্যালোচনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় আগামী রোববার জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থার কাছে আনুষ্ঠানিক প্রস্তাব বা চিঠি পাঠানো হবে।

গুলির অভিযোগ নাকচ: আজ শুক্রবার বিকেলে রাজধানীতে ইনকিলাব মঞ্চের কর্মসূচি ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষের বিষয়েও সরকার তার অবস্থান পরিষ্কার করেছে। বিবৃতিতে দাবি করা হয়েছে, বিক্ষোভকারীদের ওপর কোনো ধরনের গুলি চালানো হয়নি এবং তাদের ছত্রভঙ্গ করতে মাত্রাতিরিক্ত বল প্রয়োগের অভিযোগটিও সঠিক নয়। সরকার জানায়, জনশৃঙ্খলা রক্ষা এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করতেই নিয়মতান্ত্রিকভাবে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়া হয়েছে।

নির্বাচন ও স্থিতিশীলতার আহ্বান: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক পরিস্থিতি বর্তমানে অত্যন্ত সংবেদনশীল। এই সময়ে দেশবাসীকে ধৈর্য, সংযম ও দায়িত্বশীলতা বজায় রাখার আহ্বান জানিয়েছে সরকার। বিবৃতিতে বলা হয়েছে, “দেশের সার্বিক অগ্রগতি, স্থিতিশীলতা ও ভবিষ্যৎ উন্নয়ন নিশ্চিত করতে এই নির্বাচনকে অবশ্যই সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে হবে। এ লক্ষ্য অর্জনে কোনো ধরনের বিচ্যুতি গ্রহণযোগ্য নয়।” সরকার বিশ্বাস করে, জনগণের সম্মিলিত সহযোগিতায় একটি মর্যাদাপূর্ণ ও গণতান্ত্রিক নির্বাচন সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে।

For more information

আরো দেখুন