ঢাকায় পর এবার সিলেটে পুলিশের নতুন ইউনিফর্ম
দেশের পুলিশ বাহিনীতে পরিবর্তনের ছোঁয়া লেগেছে। সেই পরিবর্তনের ধারা এবার পৌঁছেছে সিলেটে। গাঢ় নীল রঙের পুরোনো পোশাকের বদলে লৌহ (আয়রন) রঙের নতুন ইউনিফর্ম পরে দায়িত্ব পালন শুরু করেছেন সিলেট মহানগর ট্রাফিক পুলিশের সদস্যরা। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল থেকেই সিলেট মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাফিক সদস্যদের নতুন পোশাকে দায়িত্ব পালন করতে দেখা গেছে। এর মাধ্যমে ঢাকার পর দ্বিতীয় ধাপে সিলেট মেট্রোপলিটন পুলিশেও (এসএমপি) নতুন পোশাক ব্যবহারের সূচনা হলো।
সিলেট মহানগরীর জিন্দাবাজার, চৌহাট্টা, নাইওরপুল, বন্দরবাজার, উপশহর, শিবগঞ্জপয়েন্টসহ প্রতিটি ট্রাফিক পয়েন্টে নতুন পোশাকের কারণে সাধারণ জনগণের নজর কাড়ছে পুলিশ সদস্যরা। এর আগে সর্বপ্রথম ১৫ নভেম্বর ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এই নতুন পোশাক ব্যবহার শুরু করে।
নতুন ইউনিফর্ম ও লোগোতে পরিবর্তন
পুলিশ সূত্রে জানা যায়, নতুন পোশাকে এসেছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। এখন থেকে ট্রাফিক পুলিশের ইউনিফর্ম হবে লৌহ (আয়রন) রঙের। এর পাশাপাশি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) জলপাই (অলিভ) রঙের পোশাক এবং আনসার পাবে সোনালি গমের (গোল্ডেন হুইট) রঙের পোশাক। তবে এপিবিএন ও এসপিবিএন পুরোনো পোশাকেই থাকবে।
পোশাকের রঙের পাশাপাশি বদলে গেছে পুলিশের লোগোও। পুরোনো পালতোলা নৌকার পরিবর্তে নতুন লোগোতে যুক্ত হয়েছে জাতীয় ফুল শাপলা, ধান ও গমের শীষ, যার নিচে পাটপাতার টবে লেখা ‘পুলিশ’। নতুন লোগো পতাকা, সাইনবোর্ড ও ইউনিফর্মসহ অন্যান্য সরকারি প্রয়োজনে ব্যবহার শুরু হয়েছে।
নাগরিকদের মধ্যে কৌতূহল ও ইতিবাচক প্রতিক্রিয়া
নতুন সাজে মাঠে নামা ট্রাফিক পুলিশ সদস্যদের দেখে সিলেটের নাগরিকদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল ও ইতিবাচক প্রতিক্রিয়া। আম্বরখানা এলাকার ব্যবসায়ী শাহ গুলজার আলম চৌধুরী (পাপলু) বলেন, “নতুন রঙটা বেশ মার্জিত। দূর থেকেই পুলিশের উপস্থিতি চোখে পড়ে। এটি জনগণের কাছে পুলিশের ইমেজকে নতুনভাবে তুলে ধরবে।”
নগরীর শিবগঞ্জ এলাকার জয়ন্ত বলেন, “নতুন রঙে পুলিশকে আরও আত্মবিশ্বাসী ও পরিপাটি মনে হচ্ছে। নতুন লোগোতে শাপলা, ধান ও গমের শীষের মতো প্রতীক যুক্ত হওয়ায় এটি সত্যিই প্রশংসনীয়।” রিকশাচালক রহিম মিয়া এবং গৃহিণী রত্না বেগমও নতুন পোশাককে ‘সুন্দর’, ‘স্মার্ট’ এবং ‘আধুনিক’ বলে মন্তব্য করেছেন, যা পুলিশের প্রতি সাধারণ মানুষের ভরসা বাড়াবে বলে তারা মনে করেন।
এসএমপি ট্রাফিক বিভাগের উপ-কমিশনার সুদীপ্ত রায় জানান, “প্রাথমিক পর্যায়ে শুধু ট্রাফিক বিভাগে নতুন পোশাক প্রদান করা হয়েছে। ধাপে ধাপে মেট্রোপলিটন পুলিশের অন্যান্য ইউনিটেও এই পোশাক চালু করা হবে এবং ধাপে ধাপে সারাদেশে নতুন পোশাক পৌঁছে দেওয়ার কাজ চলছে।”
For more information
আরো দেখুন