সিলেট , ,

লাউয়াছড়া থেকে চুরি হচ্ছে মূল্যবান আগরগাছ

News Room
প্রকাশিত March 29, 2025, 03:36 PM
লাউয়াছড়া থেকে চুরি হচ্ছে মূল্যবান আগরগাছ

কমলগঞ্জ প্রতিনিধিঃ কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে মূল্যবান আগরগাছ চুরি হচ্ছে। গত এক সপ্তাহে তিনটি গাছ চুরির ঘটনা ঘটেছে। অসাধু বনকর্মীদের যোগসাজশে চোর চক্র গাছ কেটে নিচ্ছে বলে অভিযোগ রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি লাউয়াছড়া বনের প্রধান ফটকের সামনে থেকে প্রায় ৫০ বছরের পুরোনো একটি বিশাল আগরগাছ কেটে নিয়েছে চোর চক্র। প্রায় ১৫০ ফুট উচ্চতার গাছটির বাজারমূল্য লক্ষাধিক টাকার ওপরে হবে। এ ছাড়া বনের স্টুডেন্ট ডরমিটরি ও লাউয়াছড়া পুঞ্জিসংলগ্ন স্থান থেকে আরও দুটি বিশাল গাছ কেটে নিয়েছে চোরচক্র।

স্থানীয় বাসিন্দারা জানান, বন থেকে বনকর্মীদের সহযোগিতায় নিয়মিত গাছ চুরি হচ্ছিল। এখন আগরগাছ কেটে নেওয়া হচ্ছে। বনকর্মীদের টহল থাকা অবস্থায় জীবন্ত গাছ কেটে নেওয়ায় জনমনে নানা প্রশ্ন উঠেছে।

আগরগাছ চুরির সত্যতা নিশ্চিত করেছেন লাউয়াছড়া বনের রেঞ্জ কর্মকর্তা নাজমুল ইসলাম। তিনি বলেন, ‘আমরা এই ঘটনায় তদন্ত করছি। তদন্ত শেষে জানা যাবে কীভাবে গাছ চুরি হয়েছে।’

এ বিষয়ে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষক বিভাগের মৌলভীবাজার বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. জাহাঙ্গীর আলম বলেন, এ ঘটনার সঙ্গে বন বিভাগের কেউ জড়িত থাকলে শিগগিরই তাঁকে অপসারণ করা হবে। বন বিভাগ সব সময়ই সংরক্ষিত বনের গাছ চুরি প্রতিরোধে তৎপর। আগরগাছ চুরি ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।