সিলেট , ,

কানাডার অভিবাসন নীতিতে বড় রদবদল: কমছে বিদেশি শিক্ষার্থী, বাড়ছে দক্ষ গবেষকদের চাহিদা

News Room
প্রকাশিত November 8, 2025, 03:21 PM
কানাডার অভিবাসন নীতিতে বড় রদবদল: কমছে বিদেশি শিক্ষার্থী, বাড়ছে দক্ষ গবেষকদের চাহিদা

অভিবাসীদের অস্বাভাবিক চাপ সামলাতে কানাডা সরকার তাদের অভিবাসন নীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে চলেছে। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, কানাডা এখন কম সংখ্যক আন্তর্জাতিক শিক্ষার্থী এবং তার পরিবর্তে বেশি সংখ্যক দক্ষ বিদেশি গবেষককে স্বাগত জানাতে চাইছে। মূলত দেশের অর্থনীতির সমৃদ্ধি ও বৈশ্বিক প্রতিযোগিতায় নিজেদের এগিয়ে রাখার লক্ষ্যেই এই কৌশলগত পরিবর্তন আনা হচ্ছে।


 

গবেষকদের জন্য বিপুল বরাদ্দ ও বিশেষ ভিসা

প্রধানমন্ত্রী মার্ক ক্র্যানির নেতৃত্বাধীন সরকারের প্রথম প্রস্তাবিত বাজেটেই এই পরিবর্তনের স্পষ্ট আভাস পাওয়া গেছে। বাজেট পর্যালোচনা করে জানা যায়, আগামী অর্থবছরের মধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে এক হাজারেরও বেশি দক্ষ গবেষককে নিয়ে আসার লক্ষ্য স্থির করেছে সরকার। এই উচ্চাভিলাষী প্রকল্পের জন্য সরকার ১.২ বিলিয়ন ডলার বরাদ্দ করেছে।

বাজেটের নথি অনুযায়ী, এই গবেষকদের দক্ষতা ও জ্ঞান কানাডার অর্থনীতিকে সমৃদ্ধ করবে এবং বৈশ্বিক প্রতিযোগিতা মোকাবিলায় দেশটিকে এগিয়ে রাখবে। এই দক্ষ কর্মীদের দ্রুত আকৃষ্ট করার জন্য কানাডা সরকার শিগগির একটি বিশেষ ভিসা প্রকল্প চালু করতে চলেছে, যা যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ‘এইচ-১ বি’ ভিসার আদলে তৈরি হবে বলে বাজেট নথিতে উল্লেখ করা হয়েছে।


 

বিদেশি শিক্ষার্থী ও অস্থায়ী অভিবাসী নিয়ন্ত্রণ

প্রধানমন্ত্রী ক্র্যানির সরকারের বাজেট নথি থেকে জানা গেছে, সরকার বিদেশি শিক্ষার্থীদের আগমন নিয়ন্ত্রণেরও পরিকল্পনা নিয়েছে। ২০২৬, ২০২৭ এবং ২০২৮—এই তিন বছরের প্রতি বছর সর্বোচ্চ ৩ লক্ষ ৮০ হাজার নতুন অভিবাসীকে স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেওয়া হবে।

এই স্থিতিশীলতার সঙ্গে তাল মিলিয়ে, যারা বর্তমানে অস্থায়ী ভিসায় কানাডায় বসবাস করছেন, তাদের সংখ্যাও ধীরে ধীরে কমানো হবে। বাজেট নথি অনুসারে, ২০২৬ সালে মোট ৩ লক্ষ ৮৫ হাজার অস্থায়ী অভিবাসী কমানোর পরিকল্পনা রয়েছে। এর পরবর্তী দুই বছরে (২০২৭ এবং ২০২৮) প্রতি বছর এই সংখ্যা ৩ লক্ষ ৭০ হাজার করে কমানো হবে।

কানাডার বিশ্ববিদ্যালয়গুলোর ঐক্যজোট ইউনিভার্সিটি কানাডা সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তারা আশা প্রকাশ করেছে যে, মেধা এবং অর্থনীতির মধ্যে ভারসাম্য বজায় রেখে একটি টেকসই অভিবাসন ব্যবস্থা প্রণয়নের জন্য যে নতুন প্রক্রিয়া আসছে, তা সফল হবে।

For more information

আরো দেখুন