আওয়াজ ডেস্কঃ ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা-ভিত্তিক প্রতিরক্ষা প্রতিষ্ঠান গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড (GRSE)-এর সঙ্গে প্রায় ২৫৫ কোটি টাকার একটি টাগ বোট ক্রয়ের চুক্তি বাতিল করেছে বাংলাদেশ।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো শুক্রবার (২৩ মে) জানিয়েছে, বাংলাদেশ নৌবাহিনীর জন্য GRSE-এর কাছ থেকে ২ কোটি ১০ লাখ মার্কিন ডলার মূল্যের একটি টাগ বোট কেনার কথা ছিল। চুক্তিটি ২০২৩ সালের জুলাই মাসে সম্পাদিত হয় এবং এটি ছিল ভারত থেকে প্রতিরক্ষা খাতে ৫০০ মিলিয়ন ডলারের ঋণ সহায়তার আওতায় প্রথম বড় ক্রয়াদেশ।
চুক্তি বাতিলের পেছনে সাম্প্রতিক ভূরাজনৈতিক উত্তেজনাই মূল কারণ বলে মনে করা হচ্ছে। ভারতের সরকার বাংলাদেশি তৈরি পোশাকসহ বিভিন্ন পণ্যের ওপর স্থলবন্দর ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করার পরপরই বাংলাদেশ এই সিদ্ধান্ত নেয় বলে দাবি করছে দেশটির একাধিক সংবাদমাধ্যম।
ভারতীয় সংবাদমাধ্যমে আরও বলা হয়, বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় ‘সেভেন সিস্টার্স’ অঞ্চলকে স্থলবেষ্টিত বলে উল্লেখ করেন এবং বাংলাদেশকে এই অঞ্চলের একমাত্র সমুদ্র প্রবেশপথ হিসেবে বর্ণনা করেন। পাশাপাশি তিনি চীনের সঙ্গে ব্যবসা সম্প্রসারণের প্রস্তাব দেওয়ায় ভারত উদ্বিগ্ন হয় এবং তার জবাবে এই নিষেধাজ্ঞা দেয়।
চুক্তি বাতিল প্রসঙ্গে GRSE ভারতের পুঁজিবাজারকে জানায়, “বাংলাদেশ সরকার আমাদের দেওয়া ক্রয়াদেশ বাতিল করেছে।” প্রতিষ্ঠানটি মূলত জাহাজ নির্মাণ ও রক্ষণাবেক্ষণ করে থাকে এবং ভারতীয় নৌবাহিনী ও কোস্টগার্ডের জন্য কাজ করে।
এদিকে, ভারতীয় অর্থনৈতিক ও কূটনৈতিক সহায়তার অংশ হিসেবে গত আট বছরে বাংলাদেশকে ৮ বিলিয়ন ডলার লাইন অব ক্রেডিট দিয়েছে ভারত। এর আওতায় অবকাঠামো উন্নয়নের বেশ কিছু প্রকল্প চালু রয়েছে, যেগুলো শুরু হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়াদে।
চুক্তি বাতিলের ঘটনাটি দুই দেশের মধ্যে প্রতিরক্ষা ও অর্থনৈতিক সম্পর্কের বর্তমান অবস্থান এবং ভবিষ্যত কৌশলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করছে।
For more information
আরো দেখুন