বিদ্রোহী কবির পাশে বীরের সমাধি
লাখো মানুষের অশ্রুসিক্ত নয়ন আর গভীর ভালোবাসায় বিদায় নিলেন জুলাই গণঅভ্যুত্থানের অকুতোভয় সেনানী ও ‘ইনকিলাব মঞ্চ’র মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদি। শনিবার (২০ ডিসেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিদ্রোহী ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান, সহ-উপাচার্য অধ্যাপক মামুন আহমেদ, দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম এবং ডাকসুর ভিপি সাদিক কায়েমসহ বিভিন্ন ছাত্রসংগঠন ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁর দাফনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় এলাকা ও সমাধি কমপ্লেক্সের চারপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
সংসদ ভবনে বিশাল জানাজা ও সর্বস্তরের মানুষের অংশগ্রহণ
সমাধিস্থ করার আগে দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন তাঁর বড় ভাই আবু বকর সিদ্দিক।
জানাজায় অংশ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, উপদেষ্টা নাহিদ ইসলামসহ সরকারের অন্যান্য উপদেষ্টাবৃন্দ। জানাজার আগে প্রধান উপদেষ্টা তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে হাদির বীরত্ব ও আত্মত্যাগের কথা স্মরণ করেন। জানাজাস্থল সংসদ ভবনের মাঠ ছাড়িয়ে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত জনসমুদ্রে পরিণত হয়।
রাষ্ট্রীয় শোক ও পতাকাবনমিত
শহীদ শরিফ ওসমান হাদির অকাল প্রয়াণে আজ সারাদেশে রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। দিনটি উপলক্ষে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ দেশের সব ভবনে এবং বিদেশের মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।
মৃত্যুঞ্জয়ী হাদির সংগ্রামী পথ
২০২৪ সালের ছাত্র-জনতা অভ্যুত্থানে সম্মুখ সারির নেতৃত্ব দিয়ে আলোচনায় আসেন শরিফ ওসমান হাদি। আসন্ন জাতীয় নির্বাচনে তিনি ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছিলেন। গত ১২ ডিসেম্বর নির্বাচনী প্রচারের সময় রাজধানীর পুরানা পল্টনে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তদের গুলিতে তিনি গুরুতর আহত হন।
প্রথমে ঢাকা মেডিকেল ও পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা শেষে তাঁকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হয়। সেখানে দীর্ঘ লড়াই শেষে গত ১৮ ডিসেম্বর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শুক্রবার তাঁর মরদেহ দেশে আনা হয় এবং আজ তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হলো।
For more information
আরো দেখুন