নিজস্ব প্রতিবেদক, ঢাকা | ১৩ ফেব্রুয়ারি ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রাথমিক ও বেসরকারি ফলাফল নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার সকাল ৮টা ১৫ মিনিটে দলটির ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তারা নির্বাচনের ফলাফল ঘোষণার প্রক্রিয়া নিয়ে গভীর সন্দেহ ও অসন্তোষ প্রকাশ করেছে।
ফলাফল প্রক্রিয়ায় ‘গুরুতর প্রশ্ন’: জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বিভিন্ন আসনে ১১-দলীয় জোটের প্রার্থীদের অল্প ব্যবধানে ও ‘সন্দেহজনকভাবে’ পরাজিত দেখানো হয়েছে। এছাড়া বেসরকারি ফলাফল ঘোষণায় বারবার অসংগতি, বানানো তথ্য প্রচার এবং প্রশাসনের একটি অংশের একটি বিশেষ রাজনৈতিক দলের প্রতি ঝুঁকে থাকার ইঙ্গিতে ফলাফল প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। ভোটার উপস্থিতির হার প্রকাশে নির্বাচন কমিশনের অনীহার বিষয়টিকেও তারা নেতিবাচকভাবে উল্লেখ করেছে।
শান্তিপূর্ণ ভোটদানের জন্য কৃতজ্ঞতা: তবে ফলাফল নিয়ে প্রশ্ন তুললেও, গতকাল দিনভর ইতিবাচক ও শান্তিপূর্ণ পরিবেশে বিপুল সংখ্যায় ভোট প্রদানের জন্য ভোটারদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে দলটি। তারা এই অংশগ্রহণকে ‘নতুন বাংলাদেশ’ গড়ার আকাঙ্ক্ষা হিসেবে দেখছে।
ধৈর্য ও কর্মসূচির আহ্বান: জামায়াতের ফেসবুক পোস্টে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের ধৈর্য ধারণের অনুরোধ জানানো হয়েছে। এতে বলা হয়, এককভাবে কোনো সিদ্ধান্ত না নিয়ে জামায়াতের নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের পক্ষ থেকে শীঘ্রই আনুষ্ঠানিক কর্মসূচি ঘোষণা করা হবে। জোটভুক্ত দলগুলোর সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
সংগ্রাম অব্যাহত রাখার ঘোষণা: পোস্টের শেষ অংশে জামায়াত জানায়, “মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে ন্যায়বিচারের জন্য আমাদের সংগ্রাম ইনশাআল্লাহ অব্যাহত থাকবে।”
For more information
আরো দেখুন