সিলেট , ,

রাতারগুল কাণ্ডে উত্তাল সিলেট

News Room
প্রকাশিত November 14, 2026, 11:18 AM
রাতারগুল কাণ্ডে উত্তাল সিলেট

স্টাফ রিপোর্টার:
সিলেটের গোয়াইনঘাটের রাতারগুল সংলগ্ন একটি রিসোর্টে শিক্ষা সফর-এর আড়ালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গোপন রাজনৈতিক সভা, মধ্যরাতে দলীয় নেতাদের বাসায় হামলা এবং জৈন্তাপুরে পুলিশের গাড়ি থেকে হাতকড়াসহ আসামি ছিনতাইয়ের ঘটনায় পুরো সিলেট অঞ্চলে তীব্র উত্তেজনা বিরাজ করছে। সর্বশেষ গত ১১ নভেম্বর মঙ্গলবার ও ১২ নভেম্বর বুধবার পর্যন্ত চলা অভিযানে গোপন সভার ভেন্যু রাতারগুলের সোহেল স্কয়ার ইকো রিসোর্ট সিলগালা করে দিয়েছে পুলিশ এবং অজ্ঞাতনামা প্রায় ২০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশের প্রাথমিক তদন্ত ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৮ নভেম্বর শনিবার এক আইনজীবীর মাধ্যমে শিক্ষা সফর-এর কথা বলে গোয়াইনঘাটের সোহেল স্কয়ার ইকো রিসোর্ট ভাড়া নেওয়া হয়েছিল। সেখানে সুনামগঞ্জের তাহিরপুর, জামালগঞ্জ ও ধর্মপাশা-মধ্যনগর এলাকার প্রায় ১৭৫ জন নেতাকর্মী জড়ো হন। সন্ধ্যার পর প্রথমে শিক্ষা সফরের ব্যানারে খেলাধুলা ও পুরস্কার বিতরণ চলে। তবে রাত ৯টার দিকে সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রনজিত সরকার সেখানে উপস্থিত হলে ব্যানার পাল্টে আওয়ামী লীগের ব্যানার টানানো হয়। রনজিত সেখানে প্রায় ৫ মিনিট বক্তব্য দিয়ে চলে যান। গত ১০ নভেম্বর সোমবার বিকেলে রনজিত সরকারের নিজস্ব ফেসবুক পেজে ওই সভার ভিডিও ছড়িয়ে পড়লে সিলেটজুড়ে তোলপাড় শুরু হয়। এর পরপরই গত ১১ নভেম্বর রাতে ও ১২ নভেম্বর ভোরে গোয়াইনঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে রিসোর্টটি সিলগালা করে দেয়। ভিডিও প্রকাশের পর থেকেই স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত রিসোর্ট মালিক সোহেল আত্মগোপনে রয়েছেন। নিষিদ্ধ সংগঠনের গোপন সভা আয়োজনের অভিযোগে পুলিশের দায়ের করা মামলায় ইতোমধ্যে সভার ব্যানার ধরে রাখা তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা মিয়াসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।
গোপন সভার ভিডিও প্রকাশ্যে আসার পর গত ১০ নভেম্বর সোমবার রাতেই সিলেট নগরের গোপালটিলায় রনজিত সরকারের বাসভবন এবং মেজরটিলা এলাকায় জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলামের যৌথ পারিবারিক ফ্ল্যাটে হামলা ও ভাঙচুর চালায় হেলমেট ও মাস্ক পরা দুর্বৃত্তরা। তারা লাঠি ও হাতুড়ি দিয়ে মূল ফটক এবং সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে ও বাসার বাইরে টায়ার জ্বালিয়ে আতঙ্ক সৃষ্টি করে। ছাত্রলীগ সভাপতি নাজমুল ইসলামের দাবি, রাজনৈতিক প্রতিহিংসাবশত নারী ও শিশুদের অবস্থান করা বাসায় এ হামলা চালানো হয়েছে। অন্যদিকে, ওই রাতেই সিলেটের বিভিন্ন পয়েন্টে হেলমেট ও মাস্ক পরে ঝটিকা মিছিল বের করে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। পুলিশ টিলাগড় ও বন্দরবাজার এলাকায় অভিযান চালিয়ে মিছিলে অংশ নেওয়ার অভিযোগে তিন কর্মীকে আটক করে।
উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই গত ১১ নভেম্বর মঙ্গলবার জৈন্তাপুর উপজেলায় ঘটে সবচেয়ে বড় নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা। হরিপুর বাজার থেকে নিষিদ্ধ ঘোষিত জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ,সাবেক ছাত্রলীগ নেতা জাকারিয়া মাহমুদকে গ্রেফতার করে থানায় নেওয়ার পথে করিছের ব্রিজ এলাকায় পুলিশের টহল ভ্যানের গতিরোধ করে একদল সশস্ত্র লোক। তারা পুলিশের ওপর অতর্কিত হামলা ও গাড়ি ভাঙচুর চালিয়ে জাকারিয়াকে হাতকড়াসহ ছিনিয়ে নেয়। এ ঘটনায় জৈন্তাপুর থানায় ৩৯ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৫০ জনকে আসামি করে মামলা হয়েছে, যার প্রধান আসামি করা হয়েছে স্থানীয় বিএনপি নেতা এস ইউ সাদ্দামকে। পুলিশি কাজে বাধা ও ছিনতাইয়ে সহায়তার অভিযোগে এখন পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে সীমান্তবর্তী একটি স্পর্শকাতর এলাকায় রিসোর্ট বুকিং করে দিনভর সভা চললেও গোয়াইনঘাট থানার ওসি ওমর ফারুকের নীরবতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা চলছে। পাশাপাশি রিসোর্ট বুকিং ও সভা আয়োজনে স্থানীয় কয়েকজন বিএনপি নেতার পরোক্ষ ছত্রছায়ার অভিযোগও তুলেছেন নেটিজেনরা। তবে এসব অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন গোয়াইনঘাট উপজেলা ও সিলেট জেলা বিএনপির শীর্ষ নেতারা। গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জানান, নিষিদ্ধ সংগঠনের গোপন সভার সাথে গোয়াইনঘাট বিএনপির কোনো নেতাকর্মীর দূরতম সম্পর্কও নেই ,বরং প্রশাসনের নজরদারির ব্যর্থতা ঢাকতে একটি মহল বিএনপির ওপর দায় চাপানোর অপচেষ্টা চালাচ্ছে। একইভাবে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এমপি এবং মহানগর বিএনপির সভাপতি নাছিম হোসাইন ও জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ যৌথ ও পৃথক বিবৃতিতে জানান, রিসোর্ট বুকিং, ভাঙচুর কিংবা আসামি ছিনতাইয়ের মতো কোনো অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে বিএনপির সাংগঠনিক কোনো সম্পৃক্ততা নেই। ব্যক্তিগত স্বার্থে বা অপকর্মে কেউ দলের নাম ভাঙালে তার দায় দল নেবে না এবং প্রমাণ সাপেক্ষে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
বর্তমানে হরিপুর, গোয়াইনঘাট ও জৈন্তাপুর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। সিলেট মহানগর পুলিশ (এসএমপি) কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম জানিয়েছেন, বাসায় হামলার সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের শনাক্তের কাজ চলছে। সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক ও জৈন্তাপুর থানার ওসি মো. মাহবুবুর রহমান মোল্লা জানিয়েছেন, ছিনতাই হওয়া আসামি জাকারিয়াকে পুনরায় গ্রেফতারে যৌথ বাহিনীর চিরুনি অভিযান অব্যাহত রয়েছে। এ ছাড়া পলাতক সাবেক এমপি রনজিত সরকার ও অন্যান্য আসামিরা যাতে কোনোভাবেই সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালিয়ে যেতে না পারেন, সেজন্য গোয়াইনঘাট, জৈন্তাপুর ও সুনামগঞ্জ সীমান্তে বিজিবি ও পুলিশের টহল জোরদার করা হয়েছে।