সিলেট , ,

আইনজীবীদের তুমুল হট্টগোলের পর কারাগারে পাঠানো হলো জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে!

News Room
প্রকাশিত October 4, 2026, 09:57 PM
আইনজীবীদের তুমুল হট্টগোলের পর কারাগারে পাঠানো হলো জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে!

মেজর আখতারুজ্জামান

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধা প্রদান এবং নিরাপত্তা কর্মকর্তাদের হেনস্তার অভিযোগে দায়ের করা মামলায় জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) মো. আখতারুজ্জামানকে একদিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

রবিবার (৪ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম এ আদেশ দেন।

এদিন রিমান্ড শেষে তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মাজেদুল ইসলাম আসামিকে আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন জানান। শুনানি চলাকালে আসামিপক্ষে জামায়াতপন্থি আইনজীবী আব্দুর রাজ্জাকসহ ত্রিশের অধিক এবং বিএনপিপন্থি চল্লিশের বেশি আইনজীবী উপস্থিত ছিলেন।

শুনানির শুরুতে দুপক্ষের আইনজীবীদের মধ্যে তীব্র বাদানুবাদ ও হট্টগোল শুরু হলে বিচারক সাময়িকভাবে এজলাস ত্যাগ করে খাসকামরায় চলে যান। পরে রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী ও কাঠগড়ায় দাঁড়ানো আসামি আখতারুজ্জামান উভয়পক্ষকে শান্ত হওয়ার অনুরোধ জানান। পরিস্থিতি স্বাভাবিক হলে বিচারক পুনরায় এজলাসে বসেন।

শুনানিতে কাঠগড়ায় দাঁড়িয়ে মেজর (অব.) আখতারুজ্জামান ভাঙা গলায় আদালতকে বলেন, “আমি শারীরিকভাবে অসুস্থ। আমার পক্ষে ১০ জন আইনজীবীকে শুনানিতে বক্তব্য দেওয়ার অনুমতি দেওয়া হোক।”

শুনানিতে আসামিপক্ষ জামিনের আবেদন জানালে রাষ্ট্রপক্ষ তার কঠোর বিরোধিতা করে কারাগারে প্রেরণের দাবি তোলে। উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, গত ১ অক্টোবর বিমানবন্দরে লাগেজ ট্রলি সংকট, ব্যাগেজ পেতে বিলম্ব এবং জমজমের পানি না আসাকে কেন্দ্র করে চরম বিশৃঙ্খলা ও নিরাপত্তা কর্মকর্তাদের হুমকির ঘটনা ঘটে। এ ঘটনায় বিমানবন্দর থানায় সরকারি কাজে বাধা ও অসদাচরণের অভিযোগে মামলা হলে গত শুক্রবার বিকেলে ডিওএইচএস এলাকা থেকে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

For more information

আরো দেখুন