মিনহাজ রাসেল চৌধুরী, মিশিগান :
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ইতিহাস গড়ে মিশিগান অঙ্গরাজ্য থেকে দেশের প্রথম মুসলিম সিনেটর নির্বাচিত হয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. অবদুল এল-সায়্যেদ। গত মঙ্গলবার (৩ নভেম্বর) অনুষ্ঠিত এই নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর স্থানীয় সময় বুধবার ভোরে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) তাঁকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করে। নির্বাচনে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পার্টির সাবেক কংগ্রেস সদস্য মাইক রজার্সকে পরাজিত করেন। প্রাপ্ত ফলাফলে ড. অবদুল এল-সায়্যেদ পেয়েছেন ২২ লাখ ৬ হাজার ২৩৫ ভোট (৫১.৮৭ শতাংশ) এবং মাইক রজার্স পেয়েছেন ১৯ লাখ ৫২ হাজার ৯৯১ ভোট (৪৬.১৩ শতাংশ), যার ফলে দুই লাখেরও বেশি ভোটের ব্যবধানে এই ঐতিহাসিক জয় নিশ্চিত হয়। এই ঐতিহাসিক বিজয়ে মিশিগানের প্রবাসী বাংলাদেশি কমিউনিটি, বাংলাদেশি-আমেরিকান ডেমোক্রেটিক ককাস এবং এলায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার (আসাল) অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সক্রিয় ভূমিকা পালন করেছে। ড. এল-সায়্যেদের সমর্থনে শ্রমিক অধিকার রক্ষা ও সাধারণ ভোটারদের সম্পৃক্ত করতে আসালের ব্যানার ও নেতৃত্বে বাংলাদেশি-আমেরিকান সমাজ ভোটারদের বাড়ি বাড়ি প্রচার চালানো, পথসভা এবং তহবিল সংগ্রহে মাঠে নেমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিজয়ের পর এক প্রতিক্রিয়ায় ড. এল-সায়্যেদ বলেন, এই জয় মিশিগানের সাধারণ মানুষের প্রগতি ও আশার জয় এবং বিভাজনের রাজনীতির বিপক্ষে এক স্পষ্ট বার্তা। ৪২ বছর বয়সী ড. এল-সায়্যেদ মিশিগানে জন্ম নেওয়া একজন মিশরীয় বংশোদ্ভূত চিকিৎসক, যিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি এবং কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসাশাস্ত্রে এমডি ডিগ্রি অর্জনের পাশাপাশি অতীতে ডেট্রয়েট শহরের জনস্বাস্থ্য পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে এর আগে মুসলিম আইনপ্রণেতারা নির্বাচিত হলেও ১০০ সদস্যবিশিষ্ট সিনেটে কোনো মুসলিম প্রার্থীর জয় এটিই প্রথম, এবং আগামী জানুয়ারিতে তিনি আনুষ্ঠানিকভাবে সিনেটর হিসেবে শপথ গ্রহণ করবেন।