আইসিসি পরোয়ানা কার্যকর করার হুঁশিয়ারি
নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তারের স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন। সম্প্রতি ফক্স নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) কর্তৃক জারিকৃত গ্রেপ্তারি পরোয়ানার আওতায় নেতানিয়াহু নিউইয়র্কে আসলেই তাঁকে গ্রেপ্তার করা হতে পারে।
বিদায়ী মেয়র এরিক অ্যাডামস নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করে তাঁকে মামদানির শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর পরই এই হুঁশিয়ারি দেন নবনির্বাচিত মেয়র। এবিসি৭-এ দেওয়া এক সরাসরি সাক্ষাৎকারে মামদানি জোর দিয়ে বলেন, “আমি বারবার বলেছি, নিউইয়র্ক একটি আন্তর্জাতিক আইনের শহর। এর অর্থ হলো আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা দেখানো এবং সেই সঙ্গে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানাগুলোও সম্মান করা—তা নেতানিয়াহুই হোক, কিংবা ভ্লাদিমির পুতিন।”
নীতি ও মূল্যবোধে স্থির থাকার আহ্বান
মামদানি বলেন, নিউইয়র্কবাসীরা আশা করেন তাদের নেতারা নীতিতে স্থির থাকবেন এবং মূল্যবোধে সঙ্গতি রাখবেন। তাই আইসিসির পরোয়ানাগুলো বাস্তবায়নের ‘আইনি সব সম্ভাবনা খতিয়ে দেখা উচিত’।
তিনি জানান, তিনি কোনো নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেবেন না, বরং বিদ্যমান আইনের ভেতর থেকেই সম্ভাব্য পদক্ষেপ নেবেন। তাঁর ভাষায়, “ডোনাল্ড ট্রাম্পের মতো আমি নিজের আইন বানাই না। আমরা যেসব আইন পেয়েছি, সেগুলোর মধ্যে থেকেই সব সম্ভাবনা অনুসন্ধান করব।”
তিনি স্বীকার করেন যে যুক্তরাষ্ট্র আইসিসির রোম স্ট্যাটিউটের স্বাক্ষরকারী দেশ নয়। তবে তাঁর মতে, শহরের উচিত আইনের সীমার মধ্যে থেকে আইসিসির পরোয়ানাগুলো সম্মান করার চেষ্টা করা।
প্রথম মুসলিম ও দক্ষিণ এশীয় মেয়র
উল্লেখ্য, আগামী ১ জানুয়ারি বিদায়ী মেয়র এরিক অ্যাডামসের মেয়াদ শেষ হবে। এরপর জোহরান মামদানি হবেন যুক্তরাষ্ট্রের বৃহত্তম শহর নিউইয়র্কের প্রথম মুসলিম এবং দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মেয়র, যা আন্তর্জাতিক রাজনীতিতে তাঁর এই মন্তব্যকে আরও বেশি তাৎপর্যপূর্ণ করে তুলেছে।
For more information
আরো দেখুন