সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্ত এলাকা থেকে আগ্নেয়াস্ত্রসহ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশের সময় তাকে আটক করা হয়।
বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে বিছনাকান্দি সীমান্ত এলাকায় বিজিবির একটি নিয়মিত টহল দল দায়িত্ব পালন করছিল। এ সময় আন্তর্জাতিক সীমান্তরেখা অতিক্রম করে বাংলাদেশের প্রায় ২০০ গজ ভেতরে ওই বিএসএফ সদস্যকে সশস্ত্র অবস্থায় ঘোরাফেরা করতে দেখেন টহল দলের সদস্যরা। তাৎক্ষণিক তৎপরতায় বিজিবি তাকে অস্ত্রসহ আটক করে হেফাজতে নেয়।
আটককৃত বিএসএফ সদস্যের নাম ও পদবি তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তার বিস্তারিত পরিচয় এবং ঠিক কী কারণে তিনি বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করেছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে বিজিবি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ জানান, আটক বিএসএফ সদস্যকে বর্তমানে বিজিবির বিছনাকান্দি বর্ডার আউটপোস্ট (বিওপি) ক্যাম্পে রাখা হয়েছে। তার কাছ থেকে জব্দ করা আগ্নেয়াস্ত্রটিও ক্যাম্পের হেফাজতে রয়েছে।
এ ঘটনায় সীমান্তের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং আনুষ্ঠানিক প্রক্রিয়ায় পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে বিজিবি। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাটসহ বিভিন্ন সীমান্ত পয়েন্টে উত্তেজনা ও অনুপ্রবেশ রোধে ৪৮ বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।
For more information
আরো দেখুন