সিলেটের ঐতিহাসিক ও পর্যটনসমৃদ্ধ জনপদ জৈন্তাপুরে দীর্ঘদিনের দাবির অবসান ঘটিয়ে নতুন পৌরসভা গঠনের চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার। এর মাধ্যমে এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথ সুগম হয়েছে এবং স্থানীয় পর্যায়ে আধুনিক নাগরিক সুবিধা ও পরিকল্পিত নগরায়নের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।
গত সোমবার (১৬ নভেম্বর) প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় জৈন্তাপুরে নতুন পৌরসভা গঠনের প্রস্তাব চূড়ান্ত অনুমোদন পায়। এর আগে গত ৯ নভেম্বর সচিবালয়ে অনুষ্ঠিত নিকার প্রাক-সচিব কমিটির বৈঠকে প্রস্তাবটি সুপারিশ করা হয়েছিল। স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট-৪ আসনের সংসদ সদস্য ও মন্ত্রী আরিফুল হক চৌধুরীর ঐকান্তিক উদ্যোগ এবং ডিও লেটারের ভিত্তিতে স্থানীয় সরকার বিভাগ এই প্রশাসনিক প্রক্রিয়া ত্বরান্বিত করে।
এর ধারাবাহিকতায় গত ১৫ অক্টোবর প্রকাশিত প্রজ্ঞাপনের মাধ্যমে ১ নম্বর নিজপাট ও ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়নের মোট ১২টি মৌজার নির্ধারিত এলাকাকে শহর এলাকা ঘোষণা করা হয়। সবশেষ নিকার সভার অনুমোদনের মধ্য দিয়ে পৌরসভা গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়া চূড়ান্ত রূপ লাভ করল।
ঐতিহাসিক জৈন্তিয়া রাজ্যের রাজবাড়ির ধ্বংসাবশেষ, মেগালিথিক পাথর, এবং আকর্ষণীয় ডিবির হাওরের লাল শাপলার বিলের জন্যখ্যাত এই জনপদে এতদিন আধুনিক নগর ব্যবস্থাপনা না থাকায় নানা সংকট ছিল। নতুন এই পৌরসভা ঘোষণার ফলে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ এবং পর্যটন খাতের উন্নয়নে ব্যাপক গতি আসবে বলে মনে করছেন স্থানীয় সুধীসমাজ ও নেতারা।
For more information
আরো দেখুন