বিনোদন ও আদালত ডেস্ক:
ঢাকাই চলচ্চিত্রের অমর চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক চরিত্রের অভিনয়শিল্পী আশরাফুল হক ওরফে ডনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
সোমবার (৫ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলামের আদালতে আসামিপক্ষের জামিন আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত ডনের জামিন আবেদন নাকচ করে দেন।
আদালত ও মামলার নথিসূত্রে জানা গেছে, এর আগে গত ৯ আগস্ট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আশরাফুল হক ডনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পরদিনই তাকে আদালতে হাজির করে কারাগারে পাঠানো হয়। পরবর্তীতে ১২ আগস্ট আসামিপক্ষের জামিন আবেদন নামঞ্জুর হয় এবং গত ২৭ আগস্ট আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে গত ৯ সেপ্টেম্বর ডনকে পুনরায় কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটন রোডের বাসভবনে রহস্যজনক মৃত্যু হয় জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর। শুরু থেকেই তাঁর মা নীলা চৌধুরীসহ পরিবারের দাবি ছিল—এটি অপমৃত্যু নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড। দীর্ঘ ২৯ বছর পর ২০২৫ সালের ২১ অক্টোবর রাজধানীর রমনা থানায় সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারায় দায়ের করা এই মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামীরা হকসহ মোট ১১ জনকে এজাহারভুক্ত আসামি করা হয়। সেই মামলাতেই গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন ডন।
মামলার অন্যান্য অভিযুক্তরা হলেন—চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুছি, ডেবিট, জাভেদ, ফারুক, মে-ফেয়ার বিউটি সেন্টারের রুবি সুলতানা, আব্দুস ছাত্তার, সাজু ও রেজভি আহমেদ ফরহাদসহ অজ্ঞাতনামা আরও কয়েকজন।
নব্বইয়ের দশকের শুরুতে রুপালি পর্দায় আত্মপ্রকাশ করা সালমান শাহ মাত্র চার বছরের সংক্ষিপ্ত চলচ্চিত্র ক্যারিয়ারে উপহার দিয়েছিলেন ২৭টি সুপারহিট চলচ্চিত্র। তাঁর মৃত্যুর প্রায় তিন দশক পেরিয়ে গেলেও মৃত্যুর রহস্য উদঘাটন এবং সুষ্ঠু বিচারের দাবিতে আজও রাজপথে ও আদালতে লড়াই অব্যাহত রেখেছেন তাঁর পরিবার ও অগণিত ভক্ত।
For more information
আরো দেখুন