সিলেট ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই সফর, ১৪৪৮ হিজরি

সিলেটে তারেক রহমান, আলিয়া মাদরাসা মাঠে শুরু বিএনপির নির্বাচনী প্রচার

News Room
প্রকাশিত জানুয়ারি ২২, ২০২৬, ১২:২৪ অপরাহ্ণ
সিলেটে তারেক রহমান, আলিয়া মাদরাসা মাঠে শুরু বিএনপির নির্বাচনী প্রচার

সিলেট আলিয়া মাদরাসা মাঠের জনসভায় কয়েক মিনিটের মধ্যেই উপস্থিত হতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ঐতিহ্য অনুসারে সিলেট থেকেই এবারও বিএনপির আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হচ্ছে। ইতোমধ্যে জনসভা মাঠসংলগ্ন সড়কে অবস্থান নিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ১২টা ১০ মিনিটের মধ্যে তারেক রহমান সভামঞ্চে ওঠার কথা রয়েছে। এ সময় জনসভাস্থলে স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য দিচ্ছেন। সকাল থেকেই আলিয়া মাদরাসা মাঠ ও আশপাশের এলাকায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।

জানা গেছে, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর পর এই প্রথম সিলেট সফরে এলেন তারেক রহমান। সর্বশেষ খালেদা জিয়া ২০১৮ সালে সিলেট সফর করেছিলেন। সে হিসেবে মায়ের সফরের প্রায় সাত বছর পর গুরু দায়িত্ব কাঁধে নিয়ে সিলেটে এলেন তারেক রহমান। ঐতিহাসিক আলিয়া মাদরাসা মাঠ থেকেই প্রধান অতিথি হিসেবে ভাষণ দেওয়ার কথা রয়েছে তার। বিএনপির নেতারা বলছেন, এটি স্মরণাতীত কালের মধ্যে দলের সর্ববৃহৎ জনসমাবেশ হতে যাচ্ছে।

বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের পর তারেক রহমানের এই সিলেট সফর দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা ও আগ্রহ সৃষ্টি করেছে। তার আগমন ঘিরে সিলেটের দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নের বিরাইমপুর এলাকাতেও বিশেষ উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। বুধবার (২১ জানুয়ারি) দুই অলির মাজার জিয়ারত শেষে তিনি রাতেই শ্বশুরবাড়িতে যান এবং সেখানে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন।

দলীয় সূত্রে জানা গেছে, বাবার পদাঙ্ক অনুসরণ এবং মায়ের স্মৃতিবিজড়িত রাজনৈতিক ঐতিহ্য বজায় রেখেই সিলেটের পুণ্যভূমি থেকে নির্বাচনী প্রচার শুরু করছেন তারেক রহমান। বৃহস্পতিবার থেকেই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা। সকাল ১১টার দিকে আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি। এই মাঠেই অতীতে একাধিকবার নির্বাচনী জনসভা করেছিলেন প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া।

বিএনপির নেতারা জানিয়েছেন, সিলেট থেকেই নির্বাচনী প্রচার শুরু করা দলটির দীর্ঘদিনের ঐতিহ্য। দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক চেয়ারপারসন খালেদা জিয়াও প্রতিবার নির্বাচনের আগে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের পাশাপাশি আলিয়া মাদরাসা মাঠে প্রথম জনসভা করতেন। আজকের জনসভায় সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে বুধবার রাত আটটার দিকে আকাশপথে সিলেটে পৌঁছান তারেক রহমান। সিলেটে পৌঁছে তিনি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন। পাশাপাশি হজরত শাহজালাল (রহ.) দরগাহ কবরস্থানে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর কবরে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর তিনি দক্ষিণ সুরমা উপজেলার বিরাইমপুরে শ্বশুরবাড়িতে যান।

দীর্ঘ ২০ বছর পর সিলেটে ফিরে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু করতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

For more information

আরো দেখুন