আলিয়া মাঠে জনতার ঢল: ৫ দফা দাবি নিয়ে সমাবেশ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, গণভোটে ‘হ্যাঁ’ এর বিজয় নিশ্চিতকরণ এবং নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি সহ মোট পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে সিলেটে ইসলামী ও সমমনা ৮ দলের বিভাগীয় মহাসমাবেশ শুরু হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) সকাল থেকেই সিলেটের ঐতিহাসিক সরকারি আলিয়া মাদরাসা ময়দানে নেতাকর্মীদের বাসসহ বিভিন্ন যানবাহনে জড়ো হতে দেখা গেছে।
জানা গেছে, বেলা ১২টা থেকে সমাবেশ শুরু হয়ে আসরের নামাজের আগেই সমাপ্ত হওয়ার কথা রয়েছে। সমাবেশ সফলে ৮ দলের পক্ষ থেকে গত কয়েকদিন ধরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি), সিলেট সিটি কর্পোরেশনসহ (সিসিক) সরকারি সকল প্রতিষ্ঠান ও সংস্থার পক্ষ থেকে সমাবেশ বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়া হয়।
সমাবেশে যেসব শীর্ষ নেতা বক্তব্য দেবেন
এই বিভাগীয় মহাসমাবেশে ৮ দলের কেন্দ্রীয় ও শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য দেবেন। প্রধান বক্তাদের মধ্যে রয়েছেন:
বাংলাদেশ জামায়াতে ইসলামী: আমীর ডা. শফিকুর রহমান
ইসলামী আন্দোলন বাংলাদেশ: আমীর মুফতি সৈয়দ ফয়জুল করিম পীর সাহেব চরমোনাই
বাংলাদেশ খেলাফত মজলিস: আমীর মাওলানা মামুনুল হক
খেলাফত মজলিস: আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি: আমীর মাওলানা সারওয়ার কামাল আজিজি
বাংলাদেশ খেলাফত আন্দোলন: আমীর মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী
জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা: কেন্দ্রীয় সহ-সভাপতি রাশেদ প্রধান
বাংলাদেশ ডেভোলাপমেন্ট পার্টি-বিডিপি: সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল হক চাঁন
এই সমাবেশ নির্বাচনকালীন গুরুত্বপূর্ণ মুহূর্তে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।
For more information
আরো দেখুন