মোঃ তারেক জাহান চৌধুরী, সিলেট
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সিলেট জেলার ছয়টি সংসদীয় আসনের মোট ১ হাজার ১৬টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণের প্রস্তুতি নেওয়া হয়েছে। এর মধ্যে ১৯৮টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী সরঞ্জাম বিতরণ কার্যক্রমের সূচনা হয়। সিলেট-১ আসনের ভোট সরঞ্জাম সরকারি মহিলা কলেজ কেন্দ্র ও সদর উপজেলা কেন্দ্র থেকে দেওয়া হচ্ছে। অপরদিকে, অন্যান্য আসনের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম সংশ্লিষ্ট উপজেলা কার্যালয় থেকে সরবরাহ করা হচ্ছে।
মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, সিলেট মহানগর এলাকায় মোট ২৯৪টি ভোটকেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রের মধ্যে ৯৫টি অতি গুরুত্বপূর্ণ, ১৩৪টি গুরুত্বপূর্ণ এবং ৬৫টি সাধারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্যের পাশাপাশি মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স প্রস্তুত থাকবে। ভোটকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সিলেট জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (গণমাধ্যম) মো. সম্রাট তালুকদার জানান, জেলার ৭২২টি ভোটকেন্দ্রের মধ্যে ৬১৯টিকে সাধারণ এবং ১০৩টিকে গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে। এসব কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
বুধবার দুপুরে সিলেটে নির্বাচনী সরঞ্জাম বিতরণ কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সারওয়ার আলম। তিনি বলেন, অতি গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রগুলোর ক্ষেত্রে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এসব কেন্দ্রে তিনজন পুলিশ সদস্যের পাশাপাশি ১৩ জন আনসার সদস্য নিয়োজিত থাকবেন।
পোস্টাল ব্যালেট প্রসঙ্গে তিনি জানান, সিলেটে প্রায় ৪২ হাজার ভোটার এ ব্যবস্থার জন্য নিবন্ধন করেছিলেন, যার মধ্যে ৩৬ হাজার ব্যালেট ইতোমধ্যে হাতে এসেছে।
সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে শঙ্কার কোনো কারণ নেই উল্লেখ করে তিনি বলেন, একটি শান্তিপূর্ণ ও সুন্দর নির্বাচন উপহার দিতে প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি সম্পন্ন করেছে।
For more information
আরো দেখুন