আজ থেকে কার্যকর পুলিশের কঠোর নির্দেশনা
সিলেট নগরীর ক্রমবর্ধমান যানজট নিরসন এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) নেওয়া গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজ রবিবার (৭ ডিসেম্বর) থেকেই কার্যকর হয়েছে। এই সিদ্ধান্ত অনুযায়ী, রাত সাড়ে ৯টার পর আর কোনো মার্কেট, শপিংমল বা দোকানপাট খোলা রাখা যাবে না। শুধুমাত্র হোটেল-রেস্তোরাঁ ও ওষুধের দোকান এই নির্দেশনার বাইরে থাকবে।
গত ১ ডিসেম্বর সিলেট মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে ব্যবসায়ী নেতা এবং বাজার কমিটির প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভার পর সর্বসম্মতিক্রমে এই কঠোর সময়সূচি নির্ধারিত হয়।
অবৈধ পার্কিং উন্মুক্ত করার সময়সীমা ৩১ ডিসেম্বর
দোকান বন্ধের নতুন সময়সূচির পাশাপাশি যানজট নিয়ন্ত্রণে বাজার ও শপিংমলগুলোর জন্য আরও একটি কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। যেসব প্রতিষ্ঠানের নকশায় পার্কিংয়ের ব্যবস্থা থাকলেও তা পরবর্তীতে অবৈধভাবে দোকান বা ব্যবসা প্রতিষ্ঠানে রূপান্তর করা হয়েছে, সেগুলোকে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে পুনরায় পার্কিং সুবিধা হিসেবে উন্মুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম-সেবা জানান, “সিলেট মহানগরীতে পূর্ব নির্ধারিত সময়সীমা বাস্তবায়নের লক্ষ্যে এসএমপির পুলিশ সদস্যরা মাঠে কাজ করবেন। প্রথম ২-৩ দিন ব্যবসায়ীদের সতর্ক করা হবে এবং পরবর্তীতে এই সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।”
ব্যবসায়ী ও জনগণের প্রতিক্রিয়া
পুলিশ প্রশাসন আশা করছে, এই সিদ্ধান্তে রাতের কার্যক্রমে শৃঙ্খলা ফিরবে এবং নগরীর যানজট নিয়ন্ত্রণে সহায়ক হবে। এর আগে সিলেট সিটি করপোরেশন (সিসিক) একই ধরনের উদ্যোগ নিলেও তা দীর্ঘমেয়াদে কার্যকর হয়নি। তবে এবার পুলিশ প্রশাসনের কঠোর মনোভাবের কারণে ব্যবসায়ীরা নির্দেশনা মানতে প্রস্তুত বলে জানা গেছে।
ব্যবসায়ীরা বলছেন, এই সিদ্ধান্তে রাতের বাণিজ্যে কিছুটা প্রভাব পড়লেও নগরীর বৃহত্তর স্বার্থে তারা সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন।
For more information
আরো দেখুন