সিলেট ১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে রজব, ১৪৪৭ হিজরি

বিজিবি সদস্যদের ওপর মাদক কারবারিদের পাথর নিক্ষেপ, মামলা দায়ের

admin
প্রকাশিত ডিসেম্বর ১৪, ২০২৫, ১০:৩৩ অপরাহ্ণ
বিজিবি সদস্যদের ওপর মাদক কারবারিদের পাথর নিক্ষেপ, মামলা দায়ের

বিজিবি সদস্যদের ওপর অতর্কিত পাথর নিক্ষেপ

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের ওপর মাদক কারবারিদের অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। মাদক কারবারিরা বিজিবি সদস্যদের লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজিবি সদস্যরা ফাঁকা গুলি ছোড়তে বাধ্য হন।

এই ঘটনায় বিজিবির পক্ষ থেকে সিলেটের কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) দুপুরে কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম খান এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বিজিবির অভিযান চলাকালে তাদের ওপর পাথর নিক্ষেপ করা হয়। এ ঘটনায় ছয় থেকে সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৬ থেকে ১৭ জনকে আসামি করা হয়েছে। আসামিদের ধরতে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।


মাদক উদ্ধার ও হামলার ঘটনা

ঘটনাটি ঘটে শনিবার (১৩ ডিসেম্বর) ভোরে উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের চার রাস্তার মোড় এলাকায়।

জানা গেছে, মাদক পাচারের সংবাদের ভিত্তিতে শনিবার ভোর রাতে বিজিবি সদস্যরা টহলে যায়। এ সময় মাদক বহনকারী বেপরোয়া গতির একটি মোটরসাইকেলকে ধাওয়া করলে মাদক কারবারিরা ১৬৭ বোতল ভারতীয় মদসহ মোটরসাইকেলটি ফেলে পালিয়ে যায়।

অল্পক্ষণের মধ্যেই ২০-৩০ জনের মাদক কারবারিদের একটি দল বিজিবি সদস্যদের লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে অতর্কিত হামলা চালায়।


বিজিবির আত্মরক্ষা: ৪ রাউন্ড ফাঁকা গুলি

বিজিবি-৪৮ সিলেট ব্যাটালিয়নের কালাইরাগ বিওপির ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মো. আলমগীর বলেন, “সীমান্তে চোরাকারবারিরা মাদক পাচার করছে এমন সংবাদের ভিত্তিতে তাদের ধরতে গেলে তারা আমাদের ওপর পাথর নিক্ষেপ করে হামলা চালায়। ফলে আত্মরক্ষার্থে আমরা (বিজিবি সদস্যরা) চার রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসি।”

লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হকও নিশ্চিত করেন, মাদক কারবারিদের ধরতে গিয়ে বিজিবি সদস্যরা হামলার শিকার হন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে বাধ্য হয়ে ৩ থেকে ৪ রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

For more information

আরো দেখুন