প্রতিবেদক : আবু খায়ের ঈমানী
দেশের বিভিন্ন অঞ্চলে কয়েকদিন ধরে চলমান ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে ১৭ মার্চের পরও দেশের উত্তর-পূর্বাঞ্চলসহ কিছু এলাকায় বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
রোববার (১৫ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ১৭ মার্চের পর দেশের অধিকাংশ স্থানে আবহাওয়া ধীরে ধীরে উন্নতি লাভ করবে। তবে সিলেট ও পার্বত্য অঞ্চলের কোথাও কোথাও অস্থায়ীভাবে হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে।

, ছবি – আবু খায়ের ঈমানী
আবহাওয়া অফিস জানায়, বর্তমানে লঘুচাপের বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। অন্যদিকে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে সক্রিয় রয়েছে। এর প্রভাবে গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, ১৭ মার্চের পর দেশের বেশিরভাগ এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তবে উত্তর-পূর্বাঞ্চল, বিশেষ করে সিলেট বিভাগের কিছু স্থানে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদরা জানান, মৌসুম পরিবর্তনের সময় এ ধরনের অস্থির আবহাওয়া স্বাভাবিক ঘটনা। এ সময় বজ্রপাতের ঝুঁকি থাকায় ঝড়-বৃষ্টির সময় খোলা মাঠ, জলাশয় ও উঁচু গাছপালা থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।