সিলেট , ,

দেশজুড়ে শুরু হচ্ছে ‘রবি বোলার হান্ট ২০২৬’: সিলেটে প্রথম দিনের ট্রায়াল রবিবার

News Room
প্রকাশিত September 26, 2026, 10:13 PM
দেশজুড়ে শুরু হচ্ছে ‘রবি বোলার হান্ট ২০২৬’: সিলেটে প্রথম দিনের ট্রায়াল রবিবার

ক্রীড়া প্রতিবেদক | ২৬ সেপ্টেম্বর ২০২৬

দেশের তৃণমূল পর্যায় থেকে উদীয়মান ও প্রতিভাবান পেস বোলার খুঁজে বের করার লক্ষ্যে আবারও শুরু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত প্রতিভা অন্বেষণ কার্যক্রম ‘রবি বোলার হান্ট ২০২৬’। রবিবার (২৭ সেপ্টেম্বর) থেকে দেশজুড়ে এই কার্যক্রমের আঞ্চলিক বাছাই পর্বের সূচনা হচ্ছে। উদ্বোধনী দিনেই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিলেট বিভাগের বাছাই পর্ব; যেখানে বিভাগের আগ্রহী প্রতিযোগীদের সকাল ১১টার মধ্যে উপস্থিত হয়ে রিপোর্ট করতে বলা হয়েছে।

আঞ্চলিক পর্বের সময়সূচি অনুযায়ী, সিলেটে ট্রায়াল শেষ করে আগামী ২৯ সেপ্টেম্বর বরিশাল এবং ১ অক্টোবর খুলনা বিভাগীয় স্টেডিয়ামে খুলনা অঞ্চলের বাছাই অনুষ্ঠিত হবে। এরপর ৪ অক্টোবর রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে রাজশাহী অঞ্চলের এবং ৬ অক্টোবর রংপুর ক্রিকেট গার্ডেনে রংপুর অঞ্চলের বাছাই পর্ব অনুষ্ঠিত হবে। পরবর্তীতে ৮ অক্টোবর ময়মনসিংহ সার্কিট হাউসে ময়মনসিংহ অঞ্চলের ট্রায়াল নেওয়ার সূচি রয়েছে। ঢাকা ও এর আশপাশের জেলাগুলোর বিশাল পরিধি বিবেচনায় রাখা হয়েছে দুটি আলাদা ভেন্যু। এর মধ্যে টাঙ্গাইল, মানিকগঞ্জ, গাজীপুর, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জের বোলারদের নিয়ে ‘ঢাকা উত্তর-গাজীপুর’ অংশের ট্রায়াল আগামী ১০ অক্টোবর পূর্বাচল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

অন্যদিকে ঢাকা, ফরিদপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, মুন্সিগঞ্জ ও রাজবাড়ীর প্রতিযোগীদের নিয়ে ‘ঢাকা দক্ষিণ-মিরপুর’ অংশের বাছাই অনুষ্ঠিত হবে ১২ অক্টোবর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সবশেষে আগামী ১৫ অক্টোবর বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে চট্টগ্রাম অঞ্চলের ট্রায়ালের মাধ্যমে শেষ হবে মাঠপর্যায়ের প্রাথমিক অন্বেষণ।

দেশজুড়ে আঞ্চলিক বাছাই শেষে আগামী ২২ অক্টোবর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত হবে চূড়ান্ত সিলেকশন রাউন্ড। পরবর্তীতে ২৫ অক্টোবর একই ভেন্যুতে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে চূড়ান্তভাবে নির্বাচিত সেরা পেস বোলারদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়ার মাধ্যমে পর্দা নামবে ‘রবি বোলার হান্ট ২০২৬’-এর।

For more information

আরো দেখুন