সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: মোঃ আব্দুল বাছির
সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলায় একই সড়কে পৃথক দুটি প্রকল্পের নামে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে তিন সহোদরের বিরুদ্ধে। অভিযুক্তরা হলেন দোহালিয়া ইউনিয়নের বাদে-গোরেশপুর গ্রামের মৃত মাহমুদ আলীর তিন পুত্র—মাসুম হেলাল, নুর উদ্দিন ও মিজান উদ্দিন।
অভিযোগ অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের (পিআইও) অধীনে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় একটি সড়ক সংস্কারের জন্য ১ লাখ ২০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। এই প্রকল্পের কাজ বাস্তবায়নের জন্য একটি প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠন করা হলেও, বাস্তবে খুব সামান্য কাজ করে অধিকাংশ অর্থ আত্মসাৎ করা হয়েছে বলে স্থানীয়দের অভিযোগ।
জানা যায়, প্রকল্পের অর্ধেক অর্থ উত্তোলনের পর মাত্র আনুমানিক ২০ হাজার টাকার কাজ করা হয়। বাকি অর্থ সংশ্লিষ্টদের মধ্যে ভাগাভাগি হয়েছে বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিরাও অনিয়মের কথা স্বীকার করেছেন।
একই সড়কে পানি উন্নয়ন বোর্ডের আওতায় ‘ডুবন্ত বাঁধ মেরামত’ নামে আরও একটি প্রকল্প গ্রহণ করা হয়, যার বরাদ্দ প্রায় ২২ লাখ ৮২ হাজার টাকা। এই প্রকল্পের সভাপতির দায়িত্ব দেওয়া হয় অভিযুক্তদেরই একজনকে। অভিযোগ রয়েছে, এখানে মাত্র ১ থেকে দেড় লাখ টাকার কাজ করে বরাদ্দের একটি বড় অংশ আত্মসাৎ করা হয়েছে।
স্থানীয়দের দাবি, যে সড়কে আগে একাধিকবার সরকারি অর্থে কাজ হয়েছে, সেখানে নতুন করে এ ধরনের প্রকল্প নেওয়া অপ্রয়োজনীয়। তাছাড়া প্রকল্প অনুমোদন ও বাস্তবায়নে স্বজনপ্রীতি এবং প্রভাব খাটানোর অভিযোগও উঠেছে।
কথিত প্রকল্পের বেশ কয়েকজন সদস্য জানিয়েছেন, তাদের অজ্ঞাতসারে কমিটিতে নাম অন্তর্ভুক্ত করা হয়েছে এবং প্রকল্পের কার্যক্রম সম্পর্কে তারা কিছুই জানেন না।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সংশ্লিষ্ট প্রকল্প বাতিলের দাবি জানিয়েছেন।