সিলেট ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলহজ, ১৪৪৭ হিজরি

“ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সবার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ” জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা

News Room
প্রকাশিত ডিসেম্বর ২, ২০২৪, ০৯:১৬ অপরাহ্ণ
“ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সবার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ” জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা

ছবি: সাইফুর রহমান

জকিগঞ্জ প্রতিনিধি: জকিগঞ্জ উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে এক সামাজিক সম্প্রীতি বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) বিকেল ৩টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা তাসলিম।

সভায় চিন্ময় চন্দ্র দাসের গ্রেফতার পরবর্তী উদ্ভূত পরিস্থিতি এবং দেশের সাম্প্রতিক প্রেক্ষাপটে শান্তি ও সম্প্রীতি রক্ষায় করণীয় নিয়ে আলোচনা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক অর্ণব দত্ত, সমাজসেবা কর্মকর্তা বিনয় ভূষণ দাস, জকিগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম মুন্না, বিজিবি জকিগঞ্জ ক্যাম্পের কমান্ডার মাজেদুল ইসলাম, স্থানীয় ধর্মীয় ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সভায় উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, যুগ যুগ ধরে জকিগঞ্জে সকল ধর্মের মানুষ সম্প্রীতির সঙ্গে বসবাস করে আসছেন। কিন্তু সাম্প্রতিক সময়ে কোনো স্বার্থান্বেষী মহল যেন এই ধর্মীয় ঐক্যে বিঘ্ন ঘটাতে না পারে, এজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা তাসলিম সভায় বলেন, “ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সবার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌরসভায় সকল ধর্মের মানুষের উপস্থিতিতে সভা-সমাবেশের আয়োজন করতে হবে। পাশাপাশি, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।”

সভায় সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানোর তাগিদ দেওয়া হয়। এছাড়া, ধর্মীয় বন্ধন সুদৃঢ় করতে স্থানীয় প্রশাসন, পুলিশ এবং জনগণকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, ডেভেলপমেন্ট অফিসার ফেরদৌস জামান সিদ্দিকী, পৌর বিএনপির সভাপতি মাসুক আহমদ, খতিব মুফতি আবুল হাসানসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তি।

সবার সম্মিলিত উদ্যোগে জকিগঞ্জে দীর্ঘস্থায়ী শান্তি ও সম্প্রীতি বজায় থাকবে বলে সভায় আশা প্রকাশ করা হয়।