সিলেট ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই সফর, ১৪৪৮ হিজরি

কাল দেশে ফিরছেন তারেক রহমান, সিলেটে নামছেন না নিরাপত্তার স্বার্থে

News Room
প্রকাশিত ডিসেম্বর ২৪, ২০২৫, ০৪:০০ অপরাহ্ণ
কাল দেশে ফিরছেন তারেক রহমান, সিলেটে নামছেন না নিরাপত্তার স্বার্থে

ঐতিহাসিক প্রত্যাবর্তন: কাল দুপুরে ঢাকা পৌঁছাবেন তারেক রহমান

দীর্ঘ প্রায় ১৮ বছরের নির্বাসিত জীবনের ইতি টেনে আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সপরিবারে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্ত্রী ও কন্যাসহ দুপুর ১২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি অবতরণ করবেন।

বিএনপি সূত্র জানায়, বিমানবন্দর থেকে তিনি দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে নিয়ে সরাসরি পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় আয়োজিত সংবর্ধনাস্থলে যাবেন। সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে গুলশানের বাসভবনে যাওয়ার কথা রয়েছে তাঁর।

সিলেটে যাত্রা বিরতি, তবে নামছেন না বিমানেই

লন্ডন থেকে যুক্তরাজ্যগামী বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে করে তারেক রহমান দেশে ফিরবেন। ফ্লাইটটি ঢাকায় পৌঁছানোর আগে সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। তবে নিরাপত্তার স্বার্থে সিলেটে বিমান থেকে তিনি নামবেন না এবং সেখানে কোনো নেতাকর্মীকে বিমানবন্দরে প্রবেশ না করার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

সিলেট থেকে ৫০ হাজার নেতাকর্মীর ঢাকা যাত্রা

তারেক রহমানকে বরণ করতে সিলেটজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী জানান, বুধবার রাতের ‘উপবন এক্সপ্রেস’ ট্রেনে ৫টি বগি রিজার্ভ করেছে মহানগর বিএনপি। এছাড়া ৪০টি রিজার্ভ বাস নিয়ে নেতাকর্মীরা ঢাকার পথে রওয়ানা হয়েছেন।

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও ভারপ্রাপ্ত মহানগর সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী জানান, সংবর্ধনায় যোগ দিতে সিলেট থেকে প্রায় ৫০ হাজার নেতাকর্মী বাস, ট্রেন ও নিজস্ব যানবাহনে ঢাকায় যাচ্ছেন। ঢাকার হোটেলগুলোতে সিট না থাকায় অনেক নেতাকর্মী আত্মীয়-স্বজনের বাড়িতে অবস্থান নিচ্ছেন।

নিরাপত্তায় বুলেটপ্রুফ গাড়ি ও বিশেষ বাস

তারেক রহমানের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বিএনপি। তাঁর ব্যবহারের জন্য বিদেশ থেকে একটি বিশেষ সুবিধাসম্পন্ন বুলেটপ্রুফ ‘হার্ড জিপ’ (টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো) গাড়ি আনা হয়েছে। এ ছাড়া বিমানবন্দর থেকে দলীয় নেতাদের সঙ্গে নিয়ে চলাচলের জন্য একটি উচ্চ নিরাপত্তাসম্পন্ন বুলেটপ্রুফ বাস প্রস্তুত রাখা হয়েছে। ২৫ ডিসেম্বর বিমানবন্দর থেকে ৩০০ ফিট যাওয়ার পথে তিনি সম্ভবত এই বাসটিই ব্যবহার করবেন।

আগামীকালকের এই দিনটিকে ‘ঐতিহাসিক ও স্মরণীয়’ করতে রাজধানীর পূর্বাচলে এক বিশাল জনসমুদ্রের প্রস্তুতি নিয়েছে বিএনপি।

For more information

আরো দেখুন