কাওছার আদিল চৌধুরী-(ফ্রান্স প্রতিনিধি )
৮ ফেব্রুয়ারি ২০২৬ সপ্তাহখানেক পরেই বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে দেশের অভ্যন্তরীণ রাজনীতির পাশাপাশি বিদেশের মাটিতেও বইছে নির্বাচনী হাওয়া। বিশেষ করে ফ্রান্স প্রবাসীরা এবার প্রথমবারের মতো প্রবাসে থেকেই ভোট দেওয়ার সুযোগ পাওয়ায় তাঁদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। এরই ধারাবাহিকতায় প্যারিসের বিভিন্ন হল ও রেস্টুরেন্টে সিলেটের বিভিন্ন আসনের প্রার্থীদের সমর্থনে প্রচার সভা অনুষ্ঠিত হয়েছে।
মুফতি আবুল হাসানের সমর্থনে কানাইঘাট প্রবাসীদের সভা: গত সোমবার সিলেট-৫ আসনে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী মুফতি আবুল হাসানের সমর্থনে প্যারিসের একটি রেস্টুরেন্টে বিশাল নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। কানাইঘাট কমিউনিটি ফ্রান্সের উদ্যোগে আয়োজিত এই সভায় বিপুল সংখ্যক কানাইঘাট প্রবাসী উপস্থিত ছিলেন। সভায় প্রবাসীরা ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়ে পাল্লা প্রতীকের বিজয় নিশ্চিত করার অঙ্গীকার করেন।
সিলেট-১ আসনে খন্দকার মুক্তাদিরের প্রচারণা: সিলেট-১ সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে প্যারিসের ওভারভিলা এলাকার একটি হলে প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে। ফ্রান্স বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দের উপস্থিতিতে এই সভায় প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
অন্যান্য আসনের প্রার্থীদের প্রচারণা: এছাড়াও ফ্রান্সের প্রবাসীদের আয়োজনে আরও বেশ কিছু আসনের প্রার্থীর পক্ষে সভা অনুষ্ঠিত হয়েছে:
সিলেট-৩ আসন: বিএনপি প্রার্থী এম এ মালিকের সমর্থনে প্রচারণা।
সুনামগঞ্জ-৫ আসন: বিএনপি প্রার্থীর পক্ষে প্রবাসীদের ঐক্যবদ্ধ অবস্থান।
মুন্সিগঞ্জ-১ আসন: বিএনপি প্রার্থীর সমর্থনে প্যারিসে নির্বাচনী সভা।
ঢাকা-১৭ আসনে ফ্রান্স প্রবাসী কাজী এনায়েত উল্লাহ: ফ্রান্সের সুপরিচিত প্রবাসী ব্যবসায়ী কাজী এনায়েত উল্লাহ এবারের নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ওই আসনে বিএনপির তারেক রহমানসহ অন্যান্য হেভিওয়েট প্রার্থীদের পাশাপাশি কাজী এনায়েত উল্লাহর প্রার্থীতা প্রবাসী মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য এই নির্বাচনে এবারই প্রথম প্রবাসীরা পোস্টাল ব্যালটের মাধ্যমে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন, যা প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের এক বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে।
For more information
আরো দেখুন