সিলেট , ,

ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত, পুলিশের সঙ্গে সংঘর্ষ

News Room
প্রকাশিত October 10, 2026, 10:33 PM
ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত, পুলিশের সঙ্গে সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক, সিলেটের আওয়াজ :

শিক্ষা খাতের বিভিন্ন সংকট নিরসন ও টেকসই সংস্কারের দাবিতে ফ্রান্সে শিক্ষার্থীদের তীব্র আন্দোলন অব্যাহত রয়েছে। তৃতীয় সপ্তাহে গড়ানো এ বিক্ষোভকে কেন্দ্র করে দেশটির একাধিক স্থানে পুলিশের সঙ্গে আন্দোলনকারী শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে সংকট সমাধানের আশ্বাস দেওয়া হলেও তা প্রত্যাখ্যান করে আগামী মঙ্গলবার দেশজুড়ে আবারও সর্বাত্মক বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন শিক্ষার্থীরা।

আন্দোলনকারীদের অভিযোগ, ফরাসি শিক্ষা ব্যবস্থা বর্তমানে তীব্র শিক্ষক ও কর্মী সংকটে ভুগছে। এর ওপর শ্রেণিকক্ষে ধারণক্ষমতার অতিরিক্ত শিক্ষার্থীর চাপ, দীর্ঘ ও ক্লান্তিকর ক্লাসসূচি এবং গবেষণাগার ও শ্রেণিকক্ষে প্রয়োজনীয় শিক্ষা উপকরণের চরম ঘাটতি বিরাজ করছে। এর ফলে শিক্ষার স্বাভাবিক পরিবেশ মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে এবং শিক্ষার্থীদের মানসিক ও অ্যাকাডেমিক জীবন বিপর্যয়ের মুখে পড়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফ্রান্সের শিক্ষামন্ত্রী সংকট নিরসনে পদক্ষেপ নেওয়ার মৌখিক আশ্বাস দেন। তবে আন্দোলনরত শিক্ষার্থীদের বড় একটি অংশ তা সরাসরি প্রত্যাখ্যান করেছে। তাদের স্পষ্ট বার্তা— ফাঁকা আশ্বাসে সংকট কাটবে না, বাজেটে শিক্ষা খাতে বাস্তব বরাদ্দ বৃদ্ধি ও অবিলম্বে শিক্ষক নিয়োগের দৃশ্যমান উদ্যোগ নিতে হবে।

এদিকে শিক্ষার্থীদের সমাবেশ ও সড়ক অবরোধ কর্মসূচি চলাকালে কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ বাধা দিলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। সরকার যদি শিক্ষার্থীদের ন্যায্য দাবি মেনে কার্যকর ঘোষণা না দেয়, তবে আগামী সপ্তাহের মঙ্গলবার থেকে আন্দোলন আরও কঠোর রূপ নিতে পারে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

For more information

আরো দেখুন